প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ বলেছেন, ‘নির্বাচন কমিশন দুই রাজনৈতিক জোটের সংলাপের দিকে তাকিয়ে আছে। আশা করা যায়, গ্রহণযোগ্য আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমস্যার সমাধান হবে।’ গতকাল সোমবার নওগাঁ-৫ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা অনুষ্ঠানে সিইসি এ কথা বলেন। তিনি আরও বলেন, রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও কমিশন দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ চালিয়ে যাচ্ছে। সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করতে তিনি আজ মঙ্গলবার জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার শওকত আলীর সঙ্গে আলোচনা করবেন। এদিকে গতকাল নির্বাচন কমিশন নওগাঁ-৫ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে। ঘোষণা অনুযায়ী, আগামী ২৫ মে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ ছাড়া প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৫ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই হবে ২৮ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ মে। আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংসদ আব্দুল জলিলের মৃত্যুতে গত ৬ মার্চ আসনটি শূন্য ঘোষিত হয়।