নির্বাচন কমিশন (ইসি) তফসিল ঘোষণা করে দেশকে সহিংসতার দিকে ঠেলে দিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
গতকাল মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন। তিনি বলেন, ‘তফসিল ঘোষণায় নির্বাচন কমিশন জনগণের আকাঙ্ক্ষাকে তাচ্ছিল্য, অপমান ও উপহাস করেছে। এই তফসিল ঘোষণা বর্তমান অবৈধ সরকার এবং নির্বাচন কমিশনের যৌথ পরিকল্পনার জাতীয় তামাশা।’
প্রধানমন্ত্রীর ‘নীল নকশা’ অনুযায়ী নির্বাচন কমিশন বিরোধী দলকে নির্বাচনের বাইরে রাখার সব কৌশল প্রয়োগ করে যাচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, নির্বাচন কমিশন রাজনৈতিক বিরোধের ছায়াকে আরও প্রলম্বিত করার সুযোগ করে দিয়েছে।
রিজভী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেসব সদস্য বিরোধী দলের আন্দোলন দমনে ‘মাত্রাতিরিক্ত আচরণ’ করছেন তাঁদের সব তথ্য বিএনপির কাছে আছে। তাঁদের সামনে বিচারের মুখোমুখি হতে হবে।
পরীক্ষার জন্য কর্মসূচি প্রত্যাহারে শিক্ষামন্ত্রীর আহ্বানের পরিপ্রেক্ষিতে রিজভী বলেন, শিক্ষামন্ত্রী এই অনুরোধ প্রধান নির্বাচন কমিশনারকে করলে পারতেন। নির্বাচনের তফসিল পিছিয়ে দেওয়া হলে এ কর্মসূচি দেওয়া হতো না।