ইসি নিয়োগে আইন প্রণয়নের দাবি টিআইবির
সাংবিধানিক বাধ্যবাধকতা মেনে অবিলম্বে নির্বাচন কমিশনে (ইসি) নিয়োগপদ্ধতি-সম্পর্কিত আইন প্রণয়নের জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সদিচ্ছা থাকলে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে নতুন নির্বাচন কমিশন গঠনের আগেই এটি সম্ভব বলে মনে করে টিআইবি। গতকাল বুধবার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এ আহ্বান জানান।
আলোচনার মাধ্যমে নির্বাচনসম্পর্কিত সব অংশীজনকে সম্পৃক্ত করে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে নতুন নির্বাচন কমিশন গঠনের আগেই নির্বাচন কমিশন নিয়োগপদ্ধতি-সম্পর্কিত আইনটি প্রণয়ন করার আহ্বান জানিয়েছে টিআইবি।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, সাংবিধানিক অঙ্গীকার অবহেলা করে কোনো আইন প্রণয়ন ছাড়াই ধারাবাহিকভাবে শুধু মনোনয়নের ভিত্তিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়ার কারণে সংবিধানের ১১৮ (১) ধারা শুধু লঙ্ঘিতই হচ্ছে না, বরং নির্বাচন কমিশন ও নির্বাচনব্যবস্থার প্রতি জন-আস্থাও ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। সংবিধানের ১১৮ (১) ধারা অনুযায়ী, নির্বাচন কমিশন প্রতিষ্ঠাসংক্রান্ত আইনের বিধানাবলি সাপেক্ষেই রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগ প্রদান করবেন।