ইসি পিছিয়ে পড়েনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতা ও ভোট কারচুপির যেসব ঘটনা ঘটেছে, তাতে মনে হয় না নির্বাচন কমিশন পিছিয়ে পড়েছে।
তৃতীয় ধাপের নির্বাচনের তুলনায় চতুর্থ ধাপে এসে নির্বাচন কমিশন পিছিয়েছে না এগিয়েছে, সাংবাদিকদের এমন প্রশ্নে সিইসি এ কথা বলেন। গতকাল শনিবার ভোট গ্রহণ শেষে তিনি সংবাদ ব্রিফিং করেন।
প্রথম ও দ্বিতীয় ধাপের তুলনায় তৃতীয় ধাপের ইউপি নির্বাচন কিছুটা সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছিল। তৃতীয় ধাপে ভোট গ্রহণ চলাকালে কোনো ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। ওই দিনের ভোট গ্রহণ শেষে সিইসি বলেছিলেন, সামনের ধাপগুলোতে নির্বাচনী সহিংসতা শূন্যের কোঠায় নিয়ে আসা হবে।
কিন্তু গতকালের নির্বাচনে ভোট গ্রহণের সময় সংঘর্ষে তিনজনের প্রাণহানি ঘটে। এ প্রসঙ্গে সিইসি বলেন, কমিশন নির্লিপ্ত নয়। গতকালও গণমাধ্যম ও মাঠ কর্মকর্তাদের তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় ব্যবস্থা নেওয়া হয়েছে। ৭০৩ ইউনিয়নের ৬ হাজার ৭২৭টি কেন্দ্রের মধ্যে অনিয়মের কারণে ৫১টি কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রয়োজনে আরও কেন্দ্র বন্ধ করা হবে। কিন্তু কাউকে ছাড় দেওয়া হবে না। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণে ৭৯ জনকে ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কয়েকজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। সামনের ধাপগুলোতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে জন্য আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কাজী রকিবউদ্দীন আরও বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে বিচ্ছিন্ন কিছু সংঘর্ষের ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়েছে। সামনের দুই ধাপে আরও শান্তিপূর্ণ নির্বাচন হবে বলে আশা করা যায়।