ইসি ভালো না হলে দায় অনুসন্ধান কমিটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনে (ইসি) যদি সঠিক ব্যক্তি নিয়োগ না পেয়ে থাকেন, তবে তার দায় নির্বাচন কমিশনের নয়। এ মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, যারা তাঁদের খুঁজে বের করেছে, সেই অনুসন্ধান কমিটিকে দায় নিতে হবে। কারণ, সুস্পষ্ট মানদণ্ডের ভিত্তিতে এ কমিশন গঠনের পরামর্শ দেওয়া হয়েছিল।
গতকাল শনিবার বরিশাল নগরের শিক্ষক ভবনের সম্মেলনকক্ষে সুজন বরিশাল আঞ্চলের পরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বদিউল আলম মজুমদার।
সভায় সুজন সম্পাদক বলেন, নাগরিকদের পরামর্শ ছিল, অনুসন্ধান কমিটি একটা সংক্ষিপ্ত তালিকা করবে এবং স্বচ্ছতার ভিত্তিতে সে তালিকা প্রকাশ করবে। সম্ভব হলে গণশুনানি করবে। একই সঙ্গে সর্বোচ্চ সততা ও সতর্কতা এবং বিবেচনাশক্তি কাজে লাগাবে। কিন্তু তারা তা করেনি। বদিউল আলম বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন অতি গুরুত্বপূর্ণ হলেও তা-ই যথেষ্ট নয়। সঙ্গে নির্বাচনকালীন সরকারের নিরপেক্ষ ভূমিকা থাকতে হবে।
বদিউল আলম মজুমদার আরও বলেন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আজ ঝুঁকির মুখে। কেউ কেউ বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা খাদে পড়েছে। গণতান্ত্রিক যাত্রাপথের সূচনা হয় একটা নির্বাচনের মাধ্যমে। এখন তো নির্বাচনে আর ভোট দিতে হয় না অনেক ক্ষেত্রে। নির্বাচনের ফলাফল আগেই নির্ধারিত হয়ে থাকে। নির্বাচনী ব্যবস্থা আজ পর্যুদস্ত।
বদিউল আলম মজুমদার বলেন, খোঁজখবর, না জেনেশুনে, সাক্ষাৎকার ছাড়া একজন পাহারাদারও নিয়োগ দেওয়া হয় না। কিন্তু নির্বাচন কমিশন গঠনে তো সাক্ষাৎকারও নেওয়া হয়নি। তিনি বলেন, অনুসন্ধান কমিটি যাঁদের নাম সুপারিশ করবে, তাঁদের কী কারণে, কোন যুক্তিতে সুপারিশ করল, সেটা তারা প্রকাশ করবে। সেই সঙ্গে বিশিষ্ট নাগরিকদের কাছ থেকে নেওয়া পরামর্শ কতটুকু গ্রহণ করল, সেটাও জানানো উচিত। নামগুলো প্রকাশ করে জনগণকে আস্থায় নেওয়া হলে কোনো অনাস্থা সৃষ্টি হলে সমস্যা হতো না। সুজন সম্পাদক অভিযোগ করে বলেন, ‘কিন্তু অনুসন্ধান কমিটি কোনো কিছুই করেনি। এটা না করে তারা তথ্য অধিকার আইনের অপমান করেছে। নামগুলো প্রকাশ না করে এ কমিটি কীভাবে জনস্বার্থ সংরক্ষণ করল, সেটা আমরা জানি না।’