ইসি যেন 'ধরি মাছ না ছুঁই পানি'

নির্বাচন কমিশন (ইসি) হচ্ছে নির্বাচনে অংশগ্রহণকারী সব প্রার্থীর জন্য রক্ষাকবচ। কিন্তু সিলেট, রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনের ক্ষেত্রে ইসির সেই ভূমিকা দেখা যায়নি। অনেক প্রার্থী নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ করেও প্রতিকার পাননি। কারণ, ইসি কার্যকর ব্যবস্থা নেয়নি। তাদের ভূমিকা হয়ে গেছে অনেকটা ‘ধরি মাছ না ছুঁই পানি’র মতো।
তিনটি সিটি করপোরেশনের নির্বাচনের কয়েক দিন আগে ব্যাপক ধরপাকড়ের ঘটনা ঘটেছে। প্রধানত, এই তিন সিটি করপোরেশন এলাকার সরকারবিরোধী রাজনৈতিক নেতা-কর্মীরাই ধরপাকড়ের শিকার হয়েছেন। কিন্তু ইসি এ ব্যাপারে কোনো প্রতিকার দিতে পারেনি। এই ধরপাকড় শুরু হওয়ার আগে পর্যন্ত নির্বাচনী পরিবেশ শান্তই ছিল বলা যায়। কিন্তু শেষ পর্যন্ত আর তা থাকেনি।
কোনো কোনো এলাকায় অনেক প্রার্থীর পোস্টারের আকার ইসির অনুমোদিত আকারের চেয়ে বড় হয়েছে। এ ব্যাপারেও ইসি কোনো ব্যবস্থা নেয়নি।
এর আগে কয়েকটি সিটি করপোরেশনের, বিশেষ করে খুলনা ও গাজীপুরের নির্বাচনে দেখা গেছে ভোটাররা ভোটকেন্দ্রে কম আসেন। কোনো কারণে তাঁদের মধ্যে একধরনের অনাগ্রহ বা ঔদাসীন্য সৃষ্টি হয়েছে। আজকের তিন সিটির নির্বাচনকে কেন্দ্র করেও কিন্তু ইসি ভোটারদের এই অনাগ্রহ বা ঔদাসীন্য কাটানোর কোনো উদ্যোগ নেয়নি।
অনেকে সিটি করপোরেশনগুলোর নির্বাচনের প্রেক্ষাপট ও ফলাফলের পরিপ্রেক্ষিতে জাতীয় নির্বাচন সম্পর্কে একটা ধারণা করতে চান। কিন্তু এই সরলাঙ্ক মিলবে বলে মনে হয় না। কারণ, জাতীয় নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন মূলগতভাবেই আলাদা।