ইসি শক্তিশালীতে প্রস্তাব দিলে সাড়া দেবে ইইউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের পর তা শক্তিশালী করতে বাংলাদেশ কোনো প্রস্তাব দিলে তাতে সাড়া দিতে রাজি আছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বাংলাদেশে পরবর্তী নির্বাচন আয়োজনে ইসিকে সমর্থনের বিষয়ে জানতে চাইলে ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু আজ সোমবার এ তথ্য জানান। পিয়েরে মায়াদু এদিন দুপুরে তাঁর বাসায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন।

পিয়েরে মায়াদু বলেন, দীর্ঘদিন ধরে ইইউ বাংলাদেশের ইসির অংশীদার হিসেবে কাজ করে এলেও এ মুহূর্তে কোনো প্রকল্প নেই। এখন থেকে কয়েক দিনের মধ্যে নতুন ইসি গঠন করা হচ্ছে। যদি ইসি আন্তর্জাতিক সম্প্রদায়, দাতাগোষ্ঠী বিশেষ করে ইইউর কোনো সুনির্দিষ্ট সহযোগিতা চাইলে আমরা অবশ্যই তা ইতিবাচকভাবে দেখব। তিনি আরও বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার সমুন্নত রাখতে ইইউ ধারাবাহিকভাবে সমর্থন করে যাচ্ছে। ইসি শক্তিশালী করার ক্ষেত্রে সহযোগিতা এই প্রক্রিয়ারই অংশ।

বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে নাগরিক সমাজের গুরুত্বের কথা উল্লেখ করে পিয়েরে মায়াদু বলেন, ‘স্থানীয় প্রশাসনের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে প্রধান অংশীদার হিসেবে নাগরিক সমাজের ভূমিকা অব্যাহত থাকবে। বৈদেশিক অনুদান আইন নিয়ে কিছু প্রশ্ন আমরা তুলেছি। তবে অতীতের মতো ভবিষ্যতেও বাংলাদেশ বেসরকারি সাহায্য সংস্থাবান্ধব দেশ হিসেবে নিজের ভূমিকা অব্যাহত রাখবে বলে আমরা আশা করি।’

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ঠেঙ্গারচরে সরিয়ে নেওয়ার পরিকল্পনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। এ নিয়ে জানতে চাইলে ইইউ রাষ্ট্রদূত বলেন, এ প্রক্রিয়ায় তাঁদের সহায়তার আগ্রহ আছে। তবে এ বিষয়ে আরও বিস্তারিত জানতে চান। বিশেষ করে কখন, কীভাবে তা বাস্তবায়ন করা হবে, সেটি তাঁরা জানতে চান।

রোহিঙ্গা সমস্যা সমাধানে নিজেদের অঙ্গীকারের কথা উল্লেখ করে পিয়েরে মায়াদু বলেন, ‘রোহিঙ্গা জনগোষ্ঠীকে সুনির্দিষ্ট উপায়ে আমরা সমর্থন করে আসছি। জাতিসংঘ কিংবা মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা যেখানেই যখন এ নিয়ে আলোচনার সুযোগ পাই, আমরা আমাদের উদ্বেগের কথা জানাই। রোহিঙ্গারা যে জটিল পরিস্থিতির মধ্যে যাচ্ছে, তা থেকে তাদের পরিত্রাণের জন্য আমরা আন্তর্জাতিক ও স্থানীয় সাহায্য সংস্থাকে সমর্থন করে যাচ্ছি।’

রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সশস্ত্র বাহিনীর নিপীড়নের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদনের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে ইইউ রাষ্ট্রদূত বলেন, ‘এটি নতুন কিছু নয়। গত তিন-চার বছর ধরে আমরা জাতিসংঘ সাধারণ পরিষদে মিয়ানমারকে রোহিঙ্গাদের ওপর নিপীড়ন বন্ধের আহ্বান জানিয়ে আসছি। মিয়ানমারের সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে আমরা এটি স্পষ্ট করতে চাই, মিয়ানমারে যা হচ্ছে, তা মোটেই গ্রহণযোগ্য নয়।’