ইসি সচিবালয়ে রদবদল
মেয়াদ শেষ হওয়ার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য কমিশনারের দপ্তর থেকে নামফলক সরিয়ে ফেলা হয়েছে। নতুন কমিশন গঠিত না হওয়ায় এখন সিইসি ও চার নির্বাচন কমিশনারের পদ ফাঁকা। তবে ইসি সচিবালয়ের কার্যক্রম চলছে।
ইসি সচিবালয় সূত্র জানায়, গত দুদিনে ইসি সচিবালয় ও মাঠপর্যায়ের ১৮ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে ১৩ কর্মকর্তাকে নূরুল হুদা কমিশনের মেয়াদের শেষ দিন ও তাঁদের বিদায়ের (১৪ ফেব্রুয়ারি) পরদিন মঙ্গলবার ইসি সচিবালয়ের পাঁচ কর্মকর্তার দপ্তর বদল করা হয়েছে।
ইসি সচিবালয় সূত্র জানায়, কর্মকর্তাদের রদবদলের সিদ্ধান্ত নিয়ে থাকে ইসি সচিবালয়। এ ক্ষেত্রে কমিশনের অনুমোদনের প্রয়োজন হয় না। মাঠপর্যায়ের কর্মকর্তাদের বদলির সিদ্ধান্ত আগেই হয়েছিল। গত সোমবার আদেশ জারি হয়। আর মঙ্গলবার ব্যক্তিগত কর্মকর্তা (পিও) পর্যায়ের পাঁচজনকে বদলি করা হয়। এর মধ্যে একজন এত দিন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের দপ্তরে ও একজন কবিতা খানমের দপ্তরে কর্মরত ছিলেন। সিইসি ও কয়েকটি নির্বাচন কমিশনারের একান্ত সচিব পদসহ আরও কিছু পদেও বদলি করার বিষয়ে আলোচনা আছে।
ইসি সূত্র জানায়, মাঠপর্যায়ে বরিশাল ও সিলেটের অতিরিক্ত আঞ্চলিক কর্মকর্তা; যশোর ও কুষ্টিয়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা; নোয়াখালী, নরসিংদী, মাদারীপুর, ভোলা, সাতক্ষীরা, বাগেরহাট ও নাটোরের জেলা নির্বাচন কর্মকর্তা, পটুয়াখালী ও দিনাজপুরের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।