ইসি সব দলকে নিয়ে নির্বাচন করতে চায়: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, ‘নির্বাচন কমিশন (ইসি) সব দলের অংশগ্রহণে নির্বাচন করতে চায়। এ জন্য আমরা সংলাপ শুরু করেছি। সব দল নির্বাচনে অংশ নিলে সুষ্ঠু নির্বাচন হবে।’ সব দল নির্বাচনে অংশ নেবে বলে তিনি আশা করছেন।
আজ মঙ্গলবার গাজীপুরের কাপাসিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ এবং রেজিস্ট্রেশন কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভায় সিইসি এ কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমাদের দেশে ৬০ ভাগ লোক যুবক, যাদের বয়স ৪০ বছরের নিচে। এরা সম্পদ; যা পৃথিবীর বহু দেশে নেই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের দেশে এসে বলেছিলেন, তাঁর দেশে আছে ৫০ ভাগের কাছাকাছি। বাংলাদেশে আছে ৬৫ ভাগের ওপরে। তারা হলো দেশের শক্তি। ২০০০ সালে যাঁদের জন্ম, আজকে তাঁরা ভোটার হয়ে যাবেন। তাঁরা ভোটার হয়ে দেশে নেতৃত্ব দেবে, দেশে ভোট দেবে, ভোট দিয়ে তাঁরা নেতা নির্বাচন করবেন এবং নেতাদের মাধ্যমে দেশ পরিচালিত হবে। তাঁরা নিজেরাও নেতৃত্বের সুযোগ গ্রহণ করবেন। যখন তাঁদের বয়স ১৮ বছর পেরিয়ে যাবে, তখন তাঁরা এ কর্মযজ্ঞে প্রবেশ করবেন।’
সিইসি বলেন, নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলো যদি সেনাবাহিনী মোতায়েন জরুরি মনে করে এবং নির্বাচন কমিশন যদি দেখে সেনা মোতায়েন করা ছাড়া নির্বাচন করা সম্ভব নয়, তখন সেনা মোতায়েনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। অনেকে ‘না’ ভোট প্রবর্তনের কথা বলেছেন। এটা ইসির বিষয় নয়। এটা আইনের বিষয়, সংসদের বিষয়, সরকারের বিষয়। ইসি এ বিষয়ে সিদ্ধান্ত দিতে পারবে না।
সিইসি বলেন, সুষ্ঠু নির্বাচন হতেই হবে, এর কোনো বিকল্প নেই। নির্বাচন কমিশন শপথের প্রতি পূর্ণ আস্থা, মর্যাদা এবং শ্রদ্ধা রেখে নির্বাচন করবে, যাতে সুষ্ঠু নির্বাচনে কোনো ব্যত্যয় না ঘটে। এ জন্য তিনি সবার সহযোগিতা চান।
নুরুল হুদা বলেন, সংবিধানে বলা আছে, যাঁরা যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত হয়েছেন, আদালতের মাধ্যমে প্রমাণিত হয়েছেন, তাঁদের ভোটার করা হবে না। তাঁরা নির্বাচনেও অংশ নিতে পারবেন না।
সিইসি জানান, কোনো প্রবাসী ছুটিতে দেশে এসে ভোটার হতে চাইলে তাঁকে ছুটিতে থাকা অবস্থায় ভোটার আইডি কার্ড দেওয়া হবে। দ্রুত এ-সংক্রান্ত বিশেষ আদেশ দেওয়া হবে।
গাজীপুরের জেলা প্রশাসক দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল, গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারেকুজ্জামান, গাজীপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আমানত হোসেন খান, কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রেজাউর রহমান লস্কর প্রমুখ বক্তব্য দেন।
মতবিনিময় সভা শেষে স্থানীয় হাইলজোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন করেন সিইসি।