ইসি সবাইকে সন্তুষ্ট করতে পারে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচন কমিশনের কুমিল্লা আঞ্চলিক সার্ভার স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে দেন কাজী রকিবউদ্দীন আহমদ। নগরের ছোটরা এলাকায় জেলা নির্বাচন দপ্তরের মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: এমদাদুল হক
নির্বাচন কমিশনের কুমিল্লা আঞ্চলিক সার্ভার স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে দেন কাজী রকিবউদ্দীন আহমদ। নগরের ছোটরা এলাকায় জেলা নির্বাচন দপ্তরের মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: এমদাদুল হক

নিজেদের কোনো ব্যর্থতা নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। তিনি বলেন, ‘আমার মতে প্রতিটি নির্বাচন  সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি। আমাদের দেশে রেওয়াজ আছে, যে দল বা যাঁরা হারবেন, তাঁরা ফল মেনে নেন না। নির্বাচন কমিশন সবাইকে সন্তুষ্ট করতে পারে না।’
আজ শুক্রবার বিকেলে কুমিল্লা আঞ্চলিক সার্ভার স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাজী রকিবউদ্দীন আহমদ এসব কথা বলেন। নগরের ছোটরা এলাকায় জেলা নির্বাচন দপ্তরের মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।
সিইসি বলেন, বর্তমান নির্বাচন কমিশনের আমলে প্রথমবারের মতো উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন  হয়েছে। জেলা পরিষদ নির্বাচন হয়েছে। অতীতে এসব নির্বাচন কেউ করতে পারেনি। সিইসি আরও বলেন, ‘আমরা প্রযুক্তিগত উন্নতিতে বিশ্বাস করি। সে কারণে ইভিএম  মেশিন চালু করেছি পরীক্ষামূলকভাবে। ওই মেশিনটার একটি দুর্বলতা ছিল। সে কারণে সেটি বন্ধ করে দিয়েছি। এখন আরও উন্নতমানের মেশিন করার উদ্যোগ নিয়েছি। দেশের ২০-২২টি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের এনে ওই কাজ করা হচ্ছে। অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী এতে উপদেষ্টা আছেন। নতুন এ যন্ত্রের নাম ডিজিটাল ভোটিং মেশিন। এটা কেউ হ্যাক করতে পারবে না। যে ধরবে তাঁকে আটকে ফেলা যাবে।

কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, ‘আমাদের কোনো ব্যর্থতা নেই। নির্বাচন কমিশনের সফলতার সবকিছু রেকর্ডে আছে। যেসব কাজ শেষ হওয়ার পথে, সেগুলোও সফল হবে। পরের কমিশন এসে ওই কাজ শেষ করে এগিয়ে নিয়ে যাবে। যেসব এলাকায় নির্বাচন আইনগত কারণে হচ্ছে না, সেগুলো আমরা আইনগতভাবে মোকাবিলা করি। নতুন নির্বাচন কমিশন কেমন হবে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলতে পারবে। বর্তমান কমিশন অনেকগুলো নির্বাচন করেছে। আমার মতে প্রতিটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি। আমাদের দেশে রেওয়াজ আছে, যে দল বা যাঁরা হারবেন, তাঁরা ফল মেনে নেন না। কমিশন সবাইকে সন্তুষ্ট করতে পারে না।’

সিইসি আরও বলেন, ‘এখন নির্বাচন অনেক মোড় নিয়েছে। ভবিষ্যতে নির্বাচন অত্যন্ত সুন্দর হবে। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আমরা সেটা করেছি। সেখানে একজনের ভোট আরেকজন দিতে পারেনি। এ রকম পরিস্থিতি আমরা তৈরি করেছি।’

সিইসি বলেন, স্মার্টকার্ড দিয়েছি আমরা। ডেটাবেজ মেনটেইন করছি আমরা। খুবই শুদ্ধ ডেটাবেজ। কেউ দুবার ভোটার হতে পারবে না। ফিঙ্গার পিন ১০ আঙুলের নেওয়া হচ্ছে। নতুন কার্ডে ২৫টি বৈশিষ্ট্য আছে। এটা আন্তর্জাতিক মানের কার্ড। নকল করা যাবে না। কর্মকর্তাদের উন্নত মানের সেবা দিতে হবে। এখন কমিশনের অফিসগুলো ভালো। জনগণের সেবায় যেন গাফিলতি না হয়।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল দিতে হলে মেয়াদের ৪০ দিন সময় থাকতে হবে। এখন ৪০ দিন হাতে নেই। পরের কমিশন নির্বাচন করবে। মামলা থাকায় আমরা এ নির্বাচন করতে পারিনি।’ কমিশন থেকে বিদায় নেওয়ার পর কী করবেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আই অ্যাম ফ্রি ম্যান।’

এর আগে সিইসি কুমিল্লায় নতুন আঞ্চলিক সার্ভার ভবনের উদ্বোধন করেন। ৫ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে চারতলা ভবন তৈরি করা হবে।

কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ওই অনুষ্ঠান হয়। এতে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. আবদুল্লাহ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) আবদুল মোমেন ও কুমিল্লার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম।