নির্বাচন কমিশন (ইসি) সরকারের নির্দেশে সিটি করপোরেশন নির্বাচনে ভোট বিতরণ করেছে বলে মন্তব্য করেছেন পরাজিত চারজন প্রার্থী। তাঁরা বলেছেন, নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন। ক্ষমতা থাকলেও তারা জালিয়াতি রোধে উদ্যোগ নেয়নি।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত ‘জনগণের ভোটাধিকার, নির্বাচনব্যবস্থা ও গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক মতবিনিময় সভায় গতকাল বৃহস্পতিবার ওই চার প্রার্থী ক্ষোভ প্রকাশ করেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হকের সঞ্চালনায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এ সভা হয়।
ঢাকা দক্ষিণ সিটির পরাজিত মেয়র প্রার্থী বজলুর রশীদ ফিরোজ বলেন, এই নির্বাচন কমিশন নিয়ে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
ঢাকা উত্তরের পরাজিত মেয়র প্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী বলেন, ‘আমি তেজগাঁও এলাকায় আজীবন রাজনীতি করেছি। সেখানে আমি পেয়েছি এক ভোট। অথচ ভাষানটেকে আমি পেয়েছি দুই শতাধিক ভোট, যেখানে আমাকে লোকজন ভালো করে চেনে না, আমার এজেন্টও ছিল না।’
ক্বাফীর বক্তব্য সমর্থন করে উত্তরের পরাজিত আরেক মেয়র প্রার্থী জোনায়েদ আবদুর রহিম সাকি বলেন, নির্বাচনকে গ্রহণযোগ্য প্রমাণ করতে ভোটের হিসাব কাছাকাছি দেখানো হয়েছে। ভবিষ্যতে এমনই নির্বাচন হবে। যারাই ক্ষমতায় থাকুন নির্বাচন কমিশন তাদের নির্দেশে কাজ করবে। আওয়ামী লীগ-বিএনপি মানুষকে ভোট দিতে দেবে না।
কাউন্সিলর প্রার্থী শম্পা বসু বলেন, এ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন। বাড্ডায় মাত্র ৩৩ ভোটে বাক্স ভর্তি হয়ে গেছে। এর মাধ্যমে কমিশন ভোটারদের অপমান করেছে।
বর্তমান নির্বাচন কমিশনের কোনো যোগ্যতা নেই বলে মন্তব্য করেন সভায় অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি বলেন, এই কমিশনের অধীনে নির্বাচন না করে সরকার তিন মেয়রকে সরাসরি নিয়োগ দিলে এত কেলেঙ্কারি হতো না। সরকারের টাকাও খরচ হতো না।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, সিটি করপোরেশন নির্বাচনে কোথাও আনিসুল হক শূন্য ভোট পেয়েছেন, তাবিথ আউয়াল পেয়েছেন দুই শতাধিক। আবার কোথাও তাবিথ এক-দুই ভোট, আনিসুল দুই শতাধিক। এতেই বোঝা যায় নির্বাচন সুষ্ঠু হয়নি। রাতকে দিন, আর দিনকে রাত করা ছাড়া নির্বাচন কমিশনের বাকি সব ক্ষমতাই আছে। কিন্তু বর্তমান কমিশন সেই ক্ষমতা প্রয়োগ করেনি। তাই এই কমিশনের বিচার হওয়া উচিত।
সভায় আরও বক্তব্য দেন সাংবাদিক আবু সাঈদ খান, গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক মোশরেফা মিশু, প্রকৌশলী ম এনামুল হক।