ইসি সরকারের পুতুল, পদত্যাগ চাই: রিজভী
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করে বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) সরকারের পুতুল হিসেবে কাজ করছে। তিনি নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করেন। আইনশৃঙ্খলা বাহিনীও সরকারের পক্ষে কাজ করছে বলে অভিযোগ করেন তিনি।
আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রিজভী এ অভিযোগ করেন। সারা দেশের ১১৫ উপজেলায় আজ দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত হয়। খবর ইউএনবির।
বিএনপির নেতা রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, ক্ষমতাসীন দলের ক্যাডাররা ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ৯৭ উপজেলার নির্বাচনের ফলে হতাশ হয়ে পড়েছে। তাই তারা ভোট কারচুপির জন্য উঠেপড়ে লেগেছে।
বিএনপির এই নেতা আরও অভিযোগ করে বলেন, ক্ষমতাসীন দল দেশের বিভিন্ন কেন্দ্রে ভোট দখলের মহোত্সব করেছে। উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ ভোট কারচুপি করবে ও প্রভাব খাটাবে বলে বিএনপির যে আশঙ্কা ছিল, তা সত্যি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বিএনপির নেতা আরও অভিযোগ করেন, ভোট শুরু হওয়ার দুই ঘণ্টার মধ্যেই বিভিন্ন কেন্দ্রের বিএনপি-সমর্থিত প্রার্থীর পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। বিএনপি-সমর্থিত প্রার্থীদের ওপর হামলা চালিয়েছে ক্ষমতাসীন দলের ক্যাডাররা। তিনি দাবি করেন, ফেনী সদর, পরশুরাম, চাঁদপুরের মতলব, নোয়াখালী সদর, যশোরের চৌগাছা, কক্সবাজারের চকরিয়া, ভোলার বোরহানউদ্দিন, বরিশাল সদর ও মুন্সিগঞ্জ সদরে ভোটকেন্দ্রেগুলো থেকে বিএনপি-সমর্থিত প্রার্থীদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, কেরানীগঞ্জে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে ক্ষমতাসীন দলের ক্যাডাররা ভোটকেন্দ্রের দখল নিয়েছে।