ইসি সরকারের বিশেষ বাহিনী: রফিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রফিকুল ইসলাম মিয়া
রফিকুল ইসলাম মিয়া

নির্বাচন কমিশনকে সরকারের ‘বিশেষ বাহিনী’ বলে দাবি করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া। তিনি কমিশনের পদত্যাগ দাবি করে বলেন, বর্তমান নির্বাচন কমিশনের ক্ষমতা, অধিকার বা সামর্থ্য নেই।
আজ সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে মাহমুদুর রহমান মুক্তি সংগ্রাম পরিষদ আয়োজিত এক নাগরিক সমাবেশে রফিকুল ইসলাম মিয়া এসব কথা বলেন।
আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তি এবং আমার দেশ, দিগন্ত টিভি ও ইসলামিক টিভি খুলে দেওয়ার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
নিবন্ধনের শর্ত পূরণের জন্য নবগঠিত বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টকে (বিএনএফ) তৃতীয় দফায় সুযোগ দেওয়ায় নির্বাচন কমিশনের সিদ্ধান্তে ক্ষোভ জানান সমাবেশের প্রধান অতিথি রফিকুল ইসলাম মিয়া।
বিএনএফের ব্যাপারে তদন্ত করতে কমিশনের নিজস্ব কর্মকর্তাদের পরিবর্তে অতিরিক্ত জেলা প্রশাসকদের কমিটির প্রধান করার সিদ্ধান্তের কথা উল্লেখ করে রফিকুল ইসলাম মিয়া বলেন, যে কমিশন নিজের লোকদের বিশ্বাস করে না, তারা কীভাবে সুষ্ঠু নির্বাচন করবে?
রেজাউল কবির সিকদারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা।