ইসি সহিংসতার দায় নেবে না: সিইসি

সারা দেশে চলমান রাজনৈতিক সহিংসতার সঙ্গে দশম জাতীয় সংসদ নির্বাচনের কোনো সম্পর্কে নেই। তাই সারা দেশে যে সহিংসতা চলছে, তার দায় নির্বাচন কমিশন নেবে না। আজ মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন কমিশন ছেড়ে যাওয়ার আগে সাংবাদিকদের এ কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদ।
চলমান সহিংসতাকে রাজনৈতিক কর্মকাণ্ড আখ্যায়িত করে সিইসি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগেও দেশে রাজনৈতিক সহিংসতা হয়েছে, হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তাই অতীতে আইনশৃঙ্খলা বাহিনী এসব বিষয়কে যেভাবে দেখেছে, এখনো একইভাবে দেখবে।
উল্লেখ্য, রাজনৈতিক সহিংসতায় গত ২১ দিনে সারা দেশে ১০৯ জন প্রাণ হারিয়েছে। এই ২১ দিনে নাশকতায় রেল ও সড়ক যোগাযোগ বিপর্যস্ত হয়েছে। ভাঙচুর চলেছে এবং অগ্নিসংযোগ করা হয়েছে যানবাহন, ঘরবাড়ি, দোকান, সরকারি দপ্তরে।
নির্বাচন কমিশন গত ২৫ নভেম্বর দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন থেকে তিন দিনের রাজপথ-রেলপথ-নৌপথ অবরোধের কর্মসূচি দেয় বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। এরপর শুরু হয় সহিংসতা ও নাশকতা। ৩০ নভেম্বর থেকে ১৩১ ঘণ্টা এবং ৭ থেকে ১৩ ডিসেম্বর (শুক্রবার) সকাল ছয়টা পর্যন্ত অবরোধ চলে।
মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় গত বৃহস্পতিবার রাতে কার্যকরের পর থেকে গতকাল সোমবার পর্যন্ত বিভিন্ন স্থানে সহিংসতা ঘটেছে। ওই রায় কার্যকরের প্রতিবাদে জামায়াত গত রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছিল। এ নিয়ে রায় কার্যকরের প্রথম পদক্ষেপের দিন ১০ ডিসেম্বর রাত থেকে গত রোববার পর্যন্ত প্রাণ হারায় ২৯ জন। আজকের অবরোধে দুজন প্রাণ হারিয়েছেন।