ইসি সাক্ষাতের সময় দেয়নি বিএনপিপন্থী পেশাজীবীদের
বিএনপিপন্থী পেশাজীবী সংগঠনকে সাক্ষাতের সময় দেয়নি ইসি। কমিশন বলেছে, আগামী কয়েক দিন তাদের সময়সূচি নির্ধারিত আছে, তাই সাক্ষাতের জন্য সময় দেওয়া যাচ্ছে না।
সূত্র জানায়, গতকাল বুধবার সম্মিলিত পেশাজীবী পরিষদের পক্ষ থেকে সিইসি কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে আজ বৃহস্পতিবার সাক্ষাতের সময় চেয়ে চিঠি দেওয়া হয়। চিঠিতে সই করেছেন সংগঠনের সদস্যসচিব এ জেড এম জাহিদ হোসেন। চিঠিটি হাতে পাওয়ার পর সিইসি চার কমিশনারকে তাঁর কক্ষে ডেকে পাঠান। সেখানে আলোচনা করে সময় না দেওয়ার সিদ্ধান্ত হয়। জানা গেছে, পেশাজীবী সংগঠনের চিঠির বক্তব্যের কিছু কিছু অংশকে অশোভন বলে মন্তব্য করেন কমিশনাররা।
সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী বলেন, সিইসির একান্ত সচিব জানিয়েছেন, আগামী দুই-তিন দিন তাঁদের কর্মসূচি নির্ধারিত আছে। এরপর তাঁরা সময় দিতে পারবেন। তবে সেটা কবে তা জানানো হয়নি।