ইসি সাত দিনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রস্তাব দেবে
আসন্ন পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণের আগে ও পরে মিলিয়ে মোট সাত দিনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের জন্য সরকারকে প্রস্তাব দেবে নির্বাচন কমিশন (ইসি)। কোন কোন পৌরসভায় সেনা মোতায়েন করা হবে, তা ভোট গ্রহণের তিন-চার দিন আগে জানাবে কমিশন। সংশ্লিষ্ট সূত্রে এসব জানা গেছে।পৌর নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা এবং দুই কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন বিভিন্ন বিভাগ সফর করেছেন। সূত্র জানায়, তাঁরা নিজস্ব অভিজ্ঞতা ও মাঠ কর্মকর্তাদের প্রতিবেদনের আলোকে সেনা মোতায়েনের জন্য ৪০টির মতো পৌরসভাকে চিহ্নিত করেছেন। তবে এ বিষয়ে কমিশন এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।সূত্র জানায়, কমিশনের পরিকল্পনা অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে পুলিশ ও আনসারের সঙ্গে এবার র্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, কোস্টগার্ড, বিডিআর ও সেনাবাহিনী মোতায়েন করা হবে। তবে যেসব জায়গায় সেনা মোতায়েন করা হবে সেসব স্থানে র্যাব বা বিডিআর মোতায়েন করা হবে না। আবার যেখানে বিডিআর মোতায়েন হবে, সেখানে সেনা বা র্যাব মোতায়েন করা হবে না।সিইসি শামসুল হুদা গতকাল বুধবার জানান, কোথায় কোথায় সেনা, বিডিআর, র্যাব মোতায়েন করা হবে, কৌশলগত কারণে তা আপাতত প্রকাশ করা যাচ্ছে না। ভোট গ্রহণের তিন-চার দিন আগে এ বিষয়ে জানানো হবে।সূত্র জানায়, এ ব্যাপারে এখনই ঘোষণা দেওয়া হলে বিশেষ কোনো এলাকায় সেনা মোতায়েন করা বা মোতায়েন না করার জন্য রাজনৈতিক চাপ আসতে পারে। এ ছাড়া কমিশন সেনা মোতায়েনের জন্য যেসব এলাকা চিহ্নিত করেছে তার মধ্যে কয়েকটির আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটেছে। আবার সেনা মোতায়েনের জন্য চিহ্নিত না হলেও গত কয়েক দিনে কিছু কিছু এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। এসব কারণে কমিশন ভোট গ্রহণের কয়েক দিন আগের পরিস্থিতি পর্যবেক্ষণ করে সেনা মোতায়েনের জন্য এলাকা চিহ্নিত করতে চায়। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের যে তালিকা সরবরাহ করা হবে, কমিশন তাও বিবেচনায় নেবে।তফসিল অনুযায়ী, আগামী ১২ জানুয়ারি রংপুর ও রাজশাহী বিভাগে, ১৩ জানুয়ারি খুলনা ও বরিশাল বিভাগে, ১৭ জানুয়ারি ঢাকা বিভাগে এবং ১৮ জানুয়ারি সিলেট ও চট্টগ্রাম বিভাগের মেয়াদোত্তীর্ণ পৌরসভায় ভোট গ্রহণ করা হবে।সূত্র জানায়, কমিশন ভোট গ্রহণের আগের তিন থেকে পরের তিন দিন পর্যন্ত (সাত দিন) পৌরসভাগুলোয় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের জন্য সরকারকে অনুরোধ জানাবে। নির্বাচন-পরবর্তী সহিংসতা রোধ করার জন্য কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। ভোট গ্রহণের আগের তিন দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংশ্লিষ্ট এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারেও অভিযান চালাবে।