ইসি স্বাধীন, উত্সাহ নিয়ে ভোট দিচ্ছে মানুষ: শেখ হাসিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন কমিশন এখন সম্পূর্ণ স্বাধীন। দেশের মানুষ বিভিন্ন নির্বাচনে বিপুল উত্সাহ ও উদ্দীপনার সঙ্গে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন।

আজ রোববার সকালে প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে ভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) শাহাবুদ্দিন ইয়াকুব কুরায়েশির সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেছেন। সেখানে তিনি এ কথা বলেন। খবর বাসসের।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল সাংবাদিকদের এ কথা জানান।
শেখ হাসিনা বলেছেন, সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাংবিধানিক ধারাবাহিকতা অনুসারে অনুসন্ধান কমিটি গঠনের মাধ্যমে বর্তমান নির্বাচন কমিশন (ইসি) গঠন করেছিলেন। তিনি আরও বলেছেন, ‘আওয়ামী লীগ ব্যতীত অতীতের কোনো সরকার এভাবে নির্বাচন কমিশন গঠন করেনি। তারা নিজেদের পছন্দের কমিশন গঠন করত।’
সভায় ভারতের সাবেক সিইসি গত ৫ জানুয়ারি বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
সাবেক সিইসি বলেন, ‘ভারতীয় উপমহাদেশের এক বিলিয়ন ভোটার সব সময়ই বৈশ্বিক গণতন্ত্রের একটি বড় অংশের প্রতিনিধিত্ব করে আসছে।’
এ অঞ্চলের দেশগুলো নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করেছে উল্লেখ করে কুরায়েশি বলেন, ‘এ সাফল্য বিস্ময়কর।’
ভারতের সাবেক সিইসি এ সাক্ষাতে তাঁর মেয়াদের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন।
সভায় রাষ্ট্রদূত এট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান সিকদার ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরণ উপস্থিত ছিলেন।