
জাফলং শুধু পরিবেশের জন্য নয়, মানুষের জন্যও সংকটাপন্ন এলাকায় পরিণত হয়েছে। অবৈধ যন্ত্র দিয়ে পাথর তুলতে গিয়ে একের পর এক শ্রমিকের মৃত্যুর দায়ভার প্রশাসন কোনোভাবে এড়াতে পারবে না। তাই অবিলম্বে জাফলংয়ে ইসিএ (প্রতিবেশ সংকটাপন্ন এলাকা) ঘোষিত ব্যবস্থাপনা কার্যকর করতে প্রশাসনকে উদ্যোগী হতে হবে।
গতকাল শুক্রবার জাফলংয়ে মানববন্ধন কর্মসূচি থেকে এ আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম চৌধুরী।
আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গতকাল বেলা ১১টায় বাপা সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পিয়াইন নদ অববাহিকার সোনা টিলায় বাপা এই মানববন্ধনের আয়োজন করে। এতে সহযোগিতা করে প্রথম আলোর সিলেট বন্ধুসভা ও আন্তর্জাতিক সংগঠন ওয়াটারকিপারস বাংলাদেশের সদস্যরা।
প্রায় এক ঘণ্টা মানববন্ধন চলাকালে বাপার পক্ষ থেকে পরিবেশ সুরক্ষার প্রচারণা হিসেবে বিশেষ আহ্বান প্রচার করা হয়। এতে বলা
হয়, জাফলংকে সংকটাপন্ন এলাকা ঘোষণা করার পর যেখানে পরিবেশ সুরক্ষা প্রয়োজন ছিল সেখানে পরিবেশবিধ্বংসী কার্যক্রম লাগাতারভাবে চলছে।