ইসিকে অভিশংসন করা উচিত: রফিকুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান লঙ্ঘনের দায়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে নির্বাচন কমিশনের (ইসি) অভিশংসন (ইমপিচ) করা উচিত বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া।
আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে গোলটেবিল আলোচনায় রফিকুল ইসলাম মিয়া এ মন্তব্য করেন। বিএনপি-সমর্থক পেশাজীবীদের মোর্চা সম্মিলিত পেশাজীবী পরিষদ ‘গণতন্ত্র, নির্বাচন কমিশন এবং বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক ওই গোলটেবিলের আয়োজন করে।

বিএনপির এই নেতা বলেন, সংবিধানে বলা আছে, এক বা একাধিক ব্যক্তির সমন্বয়ে নির্বাচন কমিশন গঠন হতে পারে। সে ক্ষেত্রে একজন প্রধান নির্বাচন কমিশনার হতে পারেন। কিন্তু সংবিধানে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনারের কথা বলা নেই। এটা সাংবিধানিক পদ। নির্বাচন কমিশনার আবদুল মোবারককে ভারপ্রাপ্ত প্রধান কমিশনার করার আইনগত কোনো ভিত্তি নেই। বিএনপিকে নিয়ে দেওয়া কমিশনার মোবারকের বক্তব্যেরও কঠোর সমালোচনা করেন রফিকুল ইসলাম। তিনি বলেন, ওই কমিশনার বিএনপির বিরুদ্ধে বক্তব্য দিয়ে আওয়ামী লীগের ক্যাডারদেরও ছাড়িয়ে গেছেন।
ভারতকে বিদ্যুত্ করিডোর দেওয়ার সমালোচনা করে রফিকুল ইসলাম মিয়া অভিযোগ করেন, ‘ক্ষমতাসীনরা নিজেদের স্বার্থে ভারতকে বিদ্যুত্ করিডোর দিচ্ছে।’

আয়োজক সংগঠনের সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ, সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, মাহবুব উল্লাহ, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা জাফর উল্লাহ চৌধুরী প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন।