ইসিকে আগামী নির্বাচনে ইভিএম ব্যবহারের পরামর্শ প্রধানমন্ত্রীর
পর্যায়ক্রমে সারা দেশে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার শুরু করতে নির্বাচন কমিশনকে (ইসি) পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত রোববার সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মৌখিকভাবে কমিশনকে এ পরামর্শ দেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।গতকাল সোমবার সাখাওয়াত হোসেন নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘অনুষ্ঠানে সৌজন্য বিনিময় করতে গিয়ে প্রধানমন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনার শামসুল হুদা ও আমাকে পরামর্শ দিয়েছেন। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ যাতে ইভিএমে করা যায়, সে ব্যবস্থা নিতে বলেছেন। তবে আমরা তাঁকে আমাদের সীমাবদ্ধতার কথা বলেছি। কারণ সারা দেশের নির্বাচনের জন্য যে বিপুলসংখ্যক ইভিএম প্রয়োজন হবে, তা উৎপাদনের মতো কারিগরি দক্ষতা আমাদের দেশের কোনো প্রতিষ্ঠানের আছে কি না, তা খতিয়ে দেখতে হবে।’প্রসঙ্গত, কমিশন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের একটি ওয়ার্ডে ইভিএম ব্যবহার করেছিল। সাখাওয়াত হোসেন জানান, ওই ৪০০টি ইভিএম সামনের উপনির্বাচনগুলোতে ব্যবহার করা হবে। সম্ভব হলে ইউনিয়ন পরিষদ এবং পৌর নির্বাচনেও ব্যবহার করা হবে।