ইসিকে আত্মসম্মান নিয়ে পদত্যাগ করার পরামর্শ অলির
সরকারের ‘অপকর্মের’ প্রতিবাদ জানিয়ে আত্মসম্মান নিয়ে পদত্যাগ করার জন্য নির্বাচন কমিশনকে (ইসি) পরামর্শ দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমদ।তিনি বলেন, নির্বাচন কমিশনই যেখানে সরকারের বেড়াজাল থেকে মুক্ত নয়, সেখানে অন্য কোনো প্রতিষ্ঠান যে স্বাধীনভাবে কাজ করতে পারবে না, তা নিশ্চিত।গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘দেশ মহাসংকটে, জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক দলগুলোর করণীয়’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় অলি আহমদ এসব কথা বলেন। ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ওই গোলটেবিল আলোচনার আয়োজন করে।নির্বাচন কমিশনারদের প্রত্যেককে ‘ভালো মানুষ’ উল্লেখ করে তাঁদের উদ্দেশে অলি আহমদ বলেন, ‘চার মাস পরে তো আপনাদের চলে যেতেই হবে। কিন্তু তখন হয়তো মানসম্মান নিয়ে যেতে পারবেন না। এখন সরকারের অপকর্মের প্রতিবাদ জানিয়ে আত্মসম্মান নিয়ে পদত্যাগ করুন।’গোলটেবিল আলোচনায় বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, যদি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিল সংসদে এনে সরকার পাস করে, তাহলে বিএনপি সংসদে যাওয়ার বিষয়ে বিবেচনা করবে। তিনি বলেন, বিএনপিও যুদ্ধাপরাধীদের বিচার চায়। কিন্তু সেই সঙ্গে মুক্তিযোদ্ধা হত্যাকারীদেরও বিচার করতে হবে।অনুষ্ঠানে এনপিপির চেয়ারম্যান শওকত হোসেন সভাপতিত্ব করেন।