ইসিকে জাতীয় পরিষদ গঠনের পরামর্শ মুক্তিজোটের
নিবন্ধিত রাজনৈতিক দল ও নির্বাচন কমিশনের সমন্বয়ে জাতীয় পরিষদ গঠন এবং ইলেকট্রনিক ভোটিং (ই-ভোটিং) ব্যবস্থা চালু করাসহ বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট)।
আজ বৃহস্পতিবার বিকেলে দলটির ১২ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে এসব প্রস্তাব দেয় বলে নির্বাচন কমিশনের (ইসি) ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ এক সংবাদ সম্মেলনে জানান।
হেলালুদ্দীন আহমদ বলেন, দলটির পক্ষ থেকে বলা হয়েছে—দেশের নিবন্ধিত সব রাজনৈতিক দল ও নির্বাচন কমিশনের সমন্বয়ে এই পরিষদ গঠিত হবে। এই পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। এ ছাড়া নিবন্ধিত সব দলের দলীয় প্রধান পরিষদের সদস্য হবেন। রাষ্ট্রপতি পরিষদের অনুমোদন দেবেন।
কমিশনের পক্ষ থেকে জাতীয় পরিষদ গঠনের প্রস্তাবকে স্বাগত জানানো হয়। হেলালুদ্দীন আহমদ বলেন, ‘রাজনৈতিক দলের পক্ষ থেকে এই ধরনের প্রস্তাব পাওয়া ইতিবাচক।’
এ ছাড়া দলটি ই-ভোটিং ব্যবস্থা চালু, প্রত্যেক নাগরিকের স্থায়ী ঠিকানায় ভোটার হওয়া, প্রবাসীদের জন্য সংশ্লিষ্ট দেশের দূতাবাসগুলোয় ভোটকেন্দ্র চালু করা, নির্বাচনের সময় স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয় বিদ্যমান রাখা, ভোটার তালিকা সিডি ও ডিভিডি আকারে প্রতিটি নিবন্ধিত দলের কাছে পৌঁছানো এবং কমিশনের জনবল বৃদ্ধি করার কথাও পরামর্শ দিয়েছে। দলটি ভোটারদের স্থায়ী ঠিকানায় ভোটার হওয়ার প্রসঙ্গের বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে জানিয়েছে, সবাই যেন উৎসবমুখরভাবে ভোট দিতে পারেন সে জন্য জাতীয়ভাবে পাঁচ দিনের ছুটি ঘোষণা করা।
সংলাপ শেষে মুক্তিজোটের পক্ষে নির্বাহী প্রধান আমিনুর রহমান সাংবাদিকদের ব্রিফ করেন।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে মুক্তিজোটের সঙ্গে সংলাপ শুরু করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে সংলাপে অংশগ্রহণ করেন মুক্তিজোটের প্রধান আবু লায়েস মুন্নার নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধি দল। এ দিন সকালে বিএনএফের সঙ্গে সংলাপ হওয়ার কথা থাকলেও বন্যার্তদের ত্রাণ দেওয়ার কারণ দেখিয়ে সংলাপে অংশ নেয়নি দলটি।
আগামী ২৮ আগস্ট বেলা ১১টায় বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল ও বেলা তিনটায় খেলাফত মজলিশ, ৩০ আগস্ট বেলা ১১টায় বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও বেলা তিনটায় জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ হবে।
অারও পড়ুন :-