ইসিকে বিতর্কিত না করতে আহ্বান সৈয়দ আশরাফের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনকে (ইসি) বিতর্কিত না করতে বিএনপিসহ সবার প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেছেন, ‘নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্ট, হাইকোর্টসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে তুচ্ছতাচ্ছিল্য করা ঠিক নয়। এগুলো সভ্যতার স্তম্ভ। আসুন, আমরা এই প্রতিষ্ঠানগুলোকে সম্মান দেখাই।’

গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে অনুষ্ঠিত দলের এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ এসব কথা বলেন। জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে ২৬ সেপ্টেম্বর তাঁকে গণ-অভ্যর্থনা দেবে আওয়ামী লীগ। এই কর্মসূচি সফল করতে ঢাকা ও আশপাশের জেলা-উপজেলার দলের সভাপতি-সাধারণ সম্পাদক এবং স্থানীয় সাংসদদের নিয়ে বৈঠক করেন সৈয়দ আশরাফ। কয়েক দিন ধরে দলের বিভিন্ন স্তরের নেতাদের নিয়ে প্রস্তুতি বৈঠক চলছে।

এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন কমিশন নিয়োগ দেন রাষ্ট্রপতি। তিনি সবার সঙ্গে আলোচনা করে নিয়োগ দেবেন। তিনি বলেন, ‘আমরা সবকিছুকেই বিতর্কিত করি। তাহলে আমরা যাব কোথায়? মাথা ঠেকানোর জায়গা কোথায়? এভাবে বিতর্কিত করা হলে সভ্যতা থাকবে না। আইন থাকবে না। তাহলে কি গণতন্ত্র থাকবে?’

প্রসঙ্গত, কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে। আইনমন্ত্রী আনিসুল হকের বরাত দিয়ে গণমাধ্যমে খবর বেরিয়েছে যে এবারও সার্চ কমিটির মাধ্যমেই নতুন কমিশন গঠন করা হবে। এ বিষয়ে গত মঙ্গলবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সার্চ কমিটি করেন আর যা-ই করেন, জনমতের বাইরে গিয়ে কোনো কমিটি এ দেশের মানুষ মেনে নেবে না।’ বিএনপির অন্য নেতারাও নির্বাচন কমিশন গঠন নিয়ে বক্তব্য দিয়েছেন।

সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ থেকে পুরস্কার পেয়েছেন। প্রধানমন্ত্রী সব সময় নারী-শিশুদের অধিকারের বিষয়ে সোচ্চার থাকেন। আগে বাংলাদেশের মতো দেশগুলোর কোনো মুখপাত্র ছিল না। শেখ হাসিনা এখন এমন দেশগুলোর প্রতিনিধি হিসেবে কথা বলেন। তিনি যা সত্য, তা-ই বলেন। তিনি ভয়হীন।