ইসিকে ব্যক্তিগত তথ্য দিতে আগ্রহ দেখাচ্ছেন না ভোটাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোটাররা নির্বাচন কমিশনকে (ইসি) তাঁদের ব্যক্তিগত তথ্য দিতে আগ্রহ দেখাচ্ছেন না। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির পরীক্ষামূলক প্রকল্পে এই অভিজ্ঞতা হয়েছে ইসির। এতে বিভিন্ন সেবা পাওয়ার ক্ষেত্রে ভবিষ্যতে ভোটারদের সমস্যা হতে পারে।নির্বাচন কমিশন গত ২১ এপ্রিল ভোটার তালিকা হালনাগাদের পরীক্ষামূলক প্রকল্প গ্রহণের সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী ঢাকা, গাজীপুর, নওগাঁ ও কক্সবাজারের কয়েকটি এলাকায় তালিকা হালনাগাদের কাজ করা হয়। এ প্রকল্পে ভোটারদের ব্যক্তিগত তথ্য কমই পাওয়া গেছে।সূত্র জানায়, কীভাবে ভোটারদের কাছ থেকে তথ্য পাওয়া যাবে, সে বিষয়ে নতুন কোনো কৌশলও ইসি নির্ধারণ করতে পারেনি। গত সোমবার পরীক্ষামূলক প্রকল্পের নীতিনির্ধারণী বৈঠকে কেউ কেউ এমন প্রস্তাব করেন যে যাঁরা তথ্য দেবেন না, তাঁদের পরবর্তী সময়ে ‘স্মার্ট কার্ড’ (জাতীয় পরিচয়পত্রের আধুনিক সংস্করণ) দেওয়া হবে না। তবে প্রস্তাবটি সবার কাছে গ্রহণযোগ্য হয়নি।এ ব্যাপারে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন প্রথম আলোকে বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে আশা করা যায়, তথ্য সংগ্রহকারীরা একাধিকবার ভোটারদের বাড়িতে গেলে তথ্য অবশ্যই পাওয়া যাবে। শেষ পর্যন্ত এই কৌশলই গ্রহণ করা হতে পারে।ইসি সিদ্ধান্ত নিয়েছে, দশম জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২০১৪ সালের ১ জানুয়ারির মধ্যে যাঁদের বয়স ১৮ হবে, হালনাগাদ কর্মসূচির মাধ্যমে তাঁদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। একই সঙ্গে নতুন ও পুরোনো জাতীয় পরিচয়পত্রধারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হবে। এই চারটি তথ্য হলো: ব্যক্তির জন্মনিবন্ধন নম্বর এবং পিতা, মাতা ও স্বামী-স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের নিবন্ধন নম্বর। জাতীয় পরিচয়পত্রধারীদের বিভিন্ন তথ্য সেবাদানকারী সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবহারোপযোগী করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইসি সিদ্ধান্ত নিয়েছে, জাতীয় পরিচয়পত্রের ব্যবহার বাধ্যতামূলক করা হবে। আগামী অক্টোবর থেকে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো দুই টাকা মাশুল দিয়ে অনলাইনে প্রয়োজনীয় ব্যক্তির তথ্য যাচাই করতে পারবে।এই প্রেক্ষাপটে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির পরীক্ষামূলক প্রকল্পের প্রতিবেদন থেকে জানা গেছে, ভোটাররা তাঁদের ব্যক্তিগত তথ্য দিতে আগ্রহ দেখাচ্ছেন না।প্রকল্পের আওতায় ১২ জুলাই থেকে গাজীপুরের কালীগঞ্জ পৌরসভা ও নওগাঁর পত্নীতলা ইউনিয়ন এবং ১৩ আগস্ট থেকে ঢাকার ১৮ নম্বর ওয়ার্ড (বারিধারা, শাহজাদপুর ও নর্দ্দা) ও কক্সবাজারের সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হয়। এতে ভোটারদের নতুন ফরমে চারটি ব্যক্তিগত তথ্যসহ মোট ৩১টি তথ্য দিতে হয়। আগে যাঁরা ভোটার হয়েছেন, তাঁদের কাছ থেকেও চারটি ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয়।হালনাগাদ শেষে মাঠ কর্মকর্তারা যে প্রতিবেদন পাঠিয়েছেন, তাতে ইসি হতাশ। কারণ, ভোটাররা তাঁদের ব্যক্তিগত তথ্য দিতে আগ্রহ দেখাচ্ছেন না। ঢাকার ১৮ নম্বর ওয়ার্ডের পরিসংখ্যানে দেখা গেছে, মোট ৩৩ হাজার ৬০০ পুরোনো ভোটারের মধ্যে ব্যক্তিগত তথ্য দেওয়ার জন্য ফরম পূরণ করেছেন মাত্র নয় হাজার ৮৩৯ জন। এর মধ্যে পিতার নিবন্ধন নম্বর উল্লেখ করেছেন এক হাজার ৩৭৮ জন, মাতার নম্বর ৬৩৮ জন এবং স্বামী-স্ত্রীর নম্বর উল্লেখ করেছেন পাঁচ হাজার ৩৬৬ জন। ব্যক্তিগত জন্মনিবন্ধন নম্বর উল্লেখ করেছেন এক হাজার ৯৮২ জন। মোট ভোটারের মধ্যে সবগুলো ব্যক্তিগত তথ্য উল্লেখ করেছেন মাত্র ৯৪ জন।এ বিষয়ে ঢাকার উপনির্বাচন কমিশনার বিশ্বাস লুর‌্যাফর রহমান প্রথম আলোকে বলেন, ভোটাররা এ ব্যাপারে সহায়তা করছেন না। তিনি বলেন, ‘আগে যাঁরা ভোটার হয়েছেন, ব্যক্তিগত তথ্যের জন্য তাঁদের বাসায় ঢোকাই যাচ্ছে না। তাঁরা তথ্য সংগ্রহকারীদের সঙ্গে কথা বলতেও রাজি নন।’উপনির্বাচন কমিশনার আরও জানান, ঢাকার ৪০ শতাংশ ভোটার ঠিকানা বদল করায় তাঁদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে তাঁরা নিবন্ধিত বলে এ নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নয় ইসি। এই প্রকল্প থেকে তাঁরা রাজধানীর বাসিন্দাদের অভ্যন্তরীণ অভিবাসনের মোটামুটি হারটিও জানতে পেরেছেন।প্রতিবেদন থেকে জানা যায়, কালীগঞ্জ পৌরসভায় মোট ভোটার ২৮ হাজার ৪৪১ জন। এর মধ্যে ব্যক্তিগত চারটি তথ্য দিয়েছেন মাত্র ৩২১ জন। দুই হাজার ৪৫৪ জন ব্যক্তিগত কোনো তথ্যই দেননি। বাকি ভোটাররা খণ্ডিতভাবে ব্যক্তিগত তথ্য দিয়েছেন।পত্নীতলার মোট ভোটার ১৪ হাজার সাতজন। এর মধ্যে পিতার পরিচয়পত্রের নম্বর উল্লেখ করেছেন এক হাজার ১৯৬ জন, মাতার এক হাজার ২৪৬ জন এবং স্বামী-স্ত্রীর নম্বর উল্লেখ করেছেন এক হাজার ১২০ জন। এ ছাড়া জন্মনিবন্ধন নম্বর উল্লেখ করেছেন এক হাজার ৬৭ জন। কক্সবাজার সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা শাহদাত হোসেন জানান, কক্সবাজারের ঝিলংজা ইউনিয়নে সবগুলো ব্যক্তিগত তথ্য দিয়েছেন মাত্র ৭ শতাংশ ভোটার। সেখানে মোট ভোটার ১৭ হাজার ৪৩৫ জন। কমিশনের হিসাব অনুযায়ী, ভোটারসংখ্যা ১০ শতাংশ বাড়ার কথা থাকলেও সেখানে ভোটার বেড়েছে ১৭ শতাংশ। ধারণা করা হচ্ছে, যেসব রোহিঙ্গাকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল, তাঁরা আবার আবেদন করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ব্যক্তিগত তথ্য সংগ্রহে বেশি সমস্যা হচ্ছে বিবাহিত নারীদের ক্ষেত্রে। স্বামীর সঙ্গে অন্যত্র বাস করায় তাঁরা অনেকেই মা-বাবার নিবন্ধন নম্বর সংগ্রহ করতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। সংগ্রহ করতে পারলেও অধিকাংশ ক্ষেত্রে তা সঠিক নয় বলে প্রমাণিত হচ্ছে। এ ছাড়া পুরোনো ভোটারদের কাছ থেকে জন্মনিবন্ধন নম্বর পাওয়া যাচ্ছে না।