ভারতের বিদায়ী হাইকমিশনার পঙ্কজ সরন বাংলাদেশের ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনকে সাংবিধানিক বাধ্যবাধকতা হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ভারত সব সময় সরকারে যে থাকে, তার সঙ্গে সম্পর্ক রাখে। গতকাল শনিবার রাজধানীর ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন। তিনি জানান, নির্বাচন কমিশনসহ বাংলাদেশের গণতান্ত্রিক যেকোনো প্রতিষ্ঠানকে শক্তিশালী করার অনুরোধ জানালে তাতে সাড়া দিতে সানন্দে তৈরি আছে ভারত।
ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে চার বছরের অভিজ্ঞতা নিয়ে পঙ্কজ সরন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ মাসের দ্বিতীয়ার্ধে তিনি বাংলাদেশ ছেড়ে যাচ্ছেন। এরপর তিনি মস্কোতে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।
বাংলাদেশের গণতন্ত্র নিয়ে তাঁর মনোভাব জানতে চাইলে ভারতীয় হাইকমিশনার সরাসরি কোনো মন্তব্য করেননি। ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে দৃষ্টি আকর্ষণ করলে ভারতের আনুষ্ঠানিক বিবৃতির উল্লেখ করে তিনি বলেন, ‘ওই বিবৃতি সতর্কতার সঙ্গে পড়লে দেখবেন, আমরা ওই নির্বাচনকে সাংবিধানিক বাধ্যবাধকতা হিসেবে উল্লেখ করেছি। সেটি ছিল বাস্তবতা। এখন পর্যন্ত এটাই আমাদের অবস্থান। আমরা সব সময় সরকারে যে আছে, তার সঙ্গে সম্পর্ক বজায় রাখি। এটাই আমাদের নীতি।’
তিস্তার পানিবণ্টন চুক্তির প্রসঙ্গ জানতে চাইলে ভারতের হাইকমিশনার বলেন, অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনা বাংলাদেশ ও ভারত দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ। এটি বিবেচনায় নিয়ে কীভাবে এ সমস্যার সমাধান হবে, সে জন্য দুই পক্ষের আলোচনা ছাড়া কোনো উপায় নেই। এ ক্ষেত্রে আলোচনার সময় একে অন্যের উদ্বেগ ও সমস্যাকে যেমন বিবেচনায় নেবে, তেমনি বাস্তবতা কী, সেটিও মাথায় রাখবে। আর বাস্তবতা হচ্ছে, দুই দেশই পানির সংকটে ভুগছে।
সীমান্ত সমস্যাকে একটি জটিল প্রসঙ্গ হিসেবে উল্লেখ করে পঙ্কজ সরন বলেন, সীমান্ত হত্যা বাংলাদেশের জন্য একটি সংবেদনশীল বিষয় এবং এটি ভেবেই বিষয়টি সতর্কতার সঙ্গে মোকাবিলা করতে হবে কারণ সীমান্তের দুই পাশের লোকজন এতে ক্ষতিগ্রস্ত হয়। আর সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে ভারত বদ্ধপরিকর।
বাংলাদেশের সাম্প্রতিক সন্ত্রাসী ঘটনাবলিতে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের দাবি বিষয়ে জানতে তিনি বলেন, ‘আইএস আজ এক বৈশ্বিক ঝুঁকি এবং কোনো দেশই এ ঝুঁকি থেকে মুক্ত নয়। এই ঝুঁকি মোকাবিলায় ভারত প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। আমার ধারণা, বাংলাদেশ সরকারও একই ধরনের পদক্ষেপ নিচ্ছে।’