বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) নামের একটি অস্তিত্বহীন রাজনৈতিক সংগঠনকে নিবন্ধিত করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটি নির্বাচন কমিশনকে (ইসি) এই ষড়যন্ত্র থেকে দূরে থাকার অনুরোধ জানিয়েছে। গতকাল রোববার বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে কমিশনকে এ অনুরোধ জানানো হয়েছে। আর গতকাল ইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি থেকে অভিযোগ করা হয়েছে, সংসদ নির্বাচনে বিএনএফকে গমের শীষ প্রতীক দেওয়া হলে দুটি দলের প্রতীক একই ধরনের হয়ে যাবে। এতে জনমনে বিভ্রান্তির সৃৃষ্টি হবে। ইসি বিএনপির আপত্তি গুরুত্বসহকারে বিবেচনা করছে। নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হওয়ার জন্য বিএনএফ নির্বাচন কমিশনে আবেদন করে। তারা প্রতীক হিসেবে গমের শীষও দাবি করেছে। এ বিষয়ে আপত্তি জানিয়ে গতকাল দুপুরে এম কে আনোয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদের সঙ্গে দেখা করে দলের চিঠিটি হস্তান্তর করে। পরে এম কে আনোয়ার সাংবাদিকদের বলেন, বিএনএফ নামে একটি নতুন দল গঠন করে এক-এগারোর মতো আবারও বিএনপিকে ভাঙার ষড়যন্ত্র চলছে। বিএনপির লোগো এবং প্রতীক ব্যবহার করে বিএনএফ নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন জানিয়েছে। যদি ইসি বিএনএফকে নিবন্ধন দেয়, তাহলে এই কমিশনের বিরুদ্ধে বিএনপি কঠোর আন্দোলন গড়ে তুলবে। এম কে আনোয়ার বলেন, ‘বিএনপি বিএনএফ নিয়ে উদ্বিগ্ন। বিএনপিকে ধ্বংস করার জন্য বিএনএফ ষড়যন্ত্রে লিপ্ত। আর তাদের একটি মহল ইন্ধন দিচ্ছে। বিএনএফকে নিয়ে এমন কোনো পরিস্থিতি চাই না, যাতে কমিশন পুনর্গঠনের আন্দোলনে নামতে হয়। সংসদ নির্বাচনের জন্য ১৪০টি প্রতীক আছে, সেখানে গমের শীষ প্রতীক নেই। তাহলে কীভাবে বিএনএফকে গমের প্রতীক দেওয়া হবে।’