প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকসহ জনবল নিয়োগ না হওয়ায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বরাদ্দ পাওয়া আলট্রাসনোগ্রাম ও ইসিজি মেশিন চার মাস ধরে বাক্সবন্দী রয়েছে। এগুলো চালু না করায় রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল মজিদ বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সের ইসিজি ও আলট্রাসনোগ্রাম মেশিন চালাতে প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক ও ইসিজি অপারেটর নিয়োগ দেওয়ার অনুরোধ জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টরকে (ডিজিজ কন্ট্রোল) লিখিতভাবে জানিয়েছি। এখনো কোনো সাড়া মেলেনি।’
গত বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, আলট্রাসনোগ্রাম মেশিনটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্ত্রীরোগ বিশেষজ্ঞের কক্ষের একটি টেবিলে প্যাকেট করা অবস্থায় আছে। ইসিজি মেশিন দুটি এবং আলট্রাসনোগ্রামের অন্যান্য উপকরণ স্বাস্থ্যকেন্দ্রের ভান্ডাররক্ষকের তত্ত্বাবধানে বাক্সবন্দী করে রাখা হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের ভান্ডাররক্ষক ভূপেন চন্দ্র বর্মণ বলেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ বছরের ২২ মে একটি ইসিজি এবং ৩ জুন একটি আলট্রাসনোগ্রাম ও একটি ইসিজি মেশিন পাওয়া গেছে। কিন্তু এগুলো চালানোর জন্য জনবল নিয়োগ দেওয়া হয়নি।
উপজেলার কুশারীগাঁও গ্রামের ভ্যানচালক তাহেরুল ইসলাম বলেন, ‘হাসপাতালে ভর্তি হওয়া আমার স্ত্রী হুসনে আরার রক্ত পরীক্ষা করাতে হলো একটি ডায়াগনস্টিক সেন্টারে। এতে ৪০০ টাকা খরচ হলো। ভ্যান চালিয়ে এক দিনে ৪০০ টাকা আয় হয় না। অথচ ওই টাকাটা রক্ত পরীক্ষায় চলে গেল। হাসপাতালে পরীক্ষা করা হলে আমার মতো গরিবরা বাঁচত।’ বনুয়াপাড়া গ্রামের সুমী আকতারের (১৭) অস্ত্রোপচার হয় পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে। তার মা কুলসুম বেগম বলেন, ‘ভ্যানভাড়াসহ ৪০০ টাকা খরচ করে সম্পা প্যাথলজিতে আমার মেয়ের আলট্রাসনোগ্রাম করাতে হয়েছে।’
স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া বোঁচাগঞ্জ উপজেলার ইনুয়া গ্রামের নুরুল ইসলাম, রাণীশংকৈল উপজেলার গোগর গ্রামের মিনি আকতার, পীরগঞ্জ পৌর শহরের মিত্রবাটী গ্রামের আবু তালহাসহ কয়েকজন রোগী জানান, হাসপাতালে ব্যবস্থা না থাকায় তাঁদের বেশি টাকা খরচ করে বাইরে থেকে আলট্রাসনোগ্রাম, ইসিজি ও রক্ত পরীক্ষা করাতে হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পীরগঞ্জসহ পাশের রানীশংকৈল ও বোঁচাগঞ্জ উপজেলার বেশ কয়েকটি গ্রামের মানুষ চিকিৎসা নিতে আসে। ২০১০ সালের ১৪ অক্টোবর ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যায় উন্নীত করা হয়। হাসপাতালের একমাত্র এক্স-রে মেশিনটি সাত বছর এবং দন্ত বিভাগের ডেন্টাল চেয়ারসহ অন্যান্য যন্ত্রাংশ সাড়ে সাত বছর ধরে অচল অবস্থায় পড়ে রয়েছে।