ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি, ওয়ার্কার্স পার্টি
নির্বাচন কমিশনে (ইসি) ২০১০ পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল কমিশন সচিবালয়ে গিয়ে এ হিসাব জমা দেয়।হিসাব জমা দেওয়ার পর রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার জন্য নির্বাচন কমিশন চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত সময় দিয়েছিল। সে হিসেবে বিএনপি নির্ধারিত সময়ের মধ্যেই আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে। তবে কী পরিমাণ টাকা আয় বা ব্যয় হয়েছে, সে সম্পর্কে তিনি কিছু জানাননি। ওয়ার্কার্স পার্টির হিসাব জমা দেন দলটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক। তাঁদের হিসাব নিরীক্ষা (অডিট) করেছে পিনাকী অ্যান্ড কোম্পানি। বিধান অনুযায়ী প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে প্রতিটি নিবন্ধিত রাজনৈতিক দলের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার কথা। এ সময়ের মধ্যে বিএনপিসহ বেশ কিছু দল হিসাব জমা দিতে ব্যর্থ হয়। পরে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়ায়।