ইসিতে খালেদা জিয়ার বিরুদ্ধে সহস্র নাগরিক কমিটির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সিটি করপোরেশন নির্বাচনের প্রচারে অংশ নিয়ে আচরণবিধি লঙ্ঘন করছেন বলে অভিযোগ করেছে আওয়ামী লীগপন্থী সংগঠন সহস্র নাগরিক কমিটি। নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ করার পর তারা বলেছে, খালেদা জিয়া প্রচারে নামার পর থেকে নির্বাচনের পরিবেশ অশান্ত হয়ে উঠেছে।
গতকাল বৃহস্পতিবার নাগরিক কমিটির একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে দেখা করে লিখিত অভিযোগ জমা দেয়। প্রতিনিধিদলে ছিলেন নাগরিক কমিটির সদস্যসচিব গোলাম কুদ্দুছ, সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল, আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস প্রমুখ।
সাক্ষাৎ শেষে গোলাম কুদ্দুছ সাংবাদিকদের বলেন, বিএনপির চেয়ারপারসন গত কয়েক দিনে প্রচারে নেমে সহস্র নাগরিক কমিটি-সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য, রাস্তা বন্ধ করে যানজট সৃষ্টি করে সমাবেশ, পথচারীদের চলাচলে বাধাদান, মোটর শোভাযাত্রা করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন, যা আচরণবিধির লঙ্ঘন। এ বিষয়ে নির্বাচন কমিশনকে আইনি ব্যবস্থা নিতে বলা হয়েছে।
মনজুরুল আহসান বুলবুল বলেন, একটি রাজনৈতিক দলের প্রধান হিসেবে খালেদা জিয়া নৈতিকভাবে নির্দলীয় নির্বাচনের প্রচারে নামতে পারেন না। তিনি রাস্তায় বেরোলেই হাজার হাজার মানুষ জড়ো হয়। শত শত গাড়ির লাইন পড়ে যায়। এতে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়।