নির্বাচনী প্রচারণায় খালেদা জিয়ার গাড়িবহরে হামলার বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করেছে বিএনপি ও তাদের সমর্থিত ঢাকা উত্তর সিটির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ও জমির উদ্দির সরকার গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনে (ইসি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে এ অভিযোগ করেন। সাক্ষাতে বিএনপি নির্বাচনে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার দাবি জানিয়েছেন।
বিএনপির পক্ষ থেকে কমিশনের কাছে লিখিতভাবে ১২ দফা দাবি তুলে ধরে হয়। এতে বলা হয়, সেনাবাহিনীকে ভোটকেন্দ্র ও ওয়ার্ডে ভাগ করে এক সপ্তাহের জন্য টহলের দায়িত্ব দিতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের আস্ফালনে ভোটাররা আতঙ্কিত, এসব সদস্যসহ বিতর্কিত কর্মকর্তাদের ছুটিতে পাঠাতে হবে। বিশেষ অঞ্চলের বাসিন্দা ঢাকা মেট্রোপলিটন এলাকার পুলিশ সদস্যদের প্রত্যাহার করতে হবে। প্রতিটি ভোটকেন্দ্রে ম্যাজিস্ট্রেট নিয়োগ এবং বিশেষ কোনো দলের অনুসারী ভোটগ্রহণ কর্মকর্তাদের দায়িত্ব থেকে বাদ দিতে হবে।
দাবিতে জানানো হয়, গ্রেপ্তার হওয়া কাউন্সিলর প্রার্থীদের অবিলম্বে মুক্তি দিতে হবে। রাতের বেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারও বাড়িতে অভিযান চালাতে পারবে না।
সাক্ষাৎ শেষে মওদুদ আহমদ সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনে সেনা মোতায়েনে কমিশনের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। এ সিদ্ধান্ত কয়েক দিন আগে নিলে কেউ বিএনপির চেয়ারপারসনের ওপর আক্রমণের সাহস দেখাত না।’ সিইসি বলেছেন, বিএনপি-প্রধানের ওপর আক্রমণের বিষয়ে তিনি খোঁজখবর নিচ্ছেন।
মওদুদ বলেন, ভোটের বাকি আর মাত্র সাত দিন। আমরা বলেছি, এই সাত দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টিতে কেউ অপরাধী হলেও তাদের যেন গ্রেপ্তার করা না হয়।
এর আগে বিকেলে এক সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে আজ বুধবার থেকে ২ মে পর্যন্ত সেনা মোতায়েনের দাবি জানানো হয়।
রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো তাবিথ আউয়ালের অভিযোগে বলা হয়েছে, সোমবার সন্ধ্যায় কারওয়ান বাজার এলাকায় আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হকের সমর্থক ও আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে বহু বিএনপি নেতা ও কর্মী আহত হন। হামলাকারীরা খালেদা জিয়ার গাড়িসহ আরও কয়েকটি গাড়ি ভাঙচুর করে। তারা খালেদা জিয়ার গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। বিষয়টি সুষ্ঠু নির্বাচনী পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তবিথ আউয়াল এ বিষয়ে আচরণবিধি অনুযায়ী হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।