ইসিবির প্রতিনিধিদল সন্তুষ্ট: স্বরাষ্ট্রসচিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোজাম্মেল হক খান বলেছেন, ‘ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রতিনিধিদল বাংলাদেশে খেলার ব্যাপারে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানালেও আমাদের নেওয়া নিরাপত্তাব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছে।’

আজ বৃহস্পতিবার ইসিবি প্রতিনিধিদল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের মধ্যে বৈঠক শেষে স্বরাষ্ট্রসচিব এ কথা জানান। সচিবালয়ে বিকেলে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক হয়।

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ইংল্যান্ড ক্রিকেট দলের। সেই সফর সামনে রেখে নিরাপত্তা পরিস্থিতি দেখতে বাংলাদেশে এসেছে ইসিবির প্রতিনিধিদল।

স্বরাষ্ট্রসচিব বলেন, ‘ইসিবি প্রতিনিধিদল বাংলাদেশে নিরাপত্তা নিয়ে তাদের উদ্বেগের কথা জানায়। প্রতিনিধিদল জানতে চায়, বাংলাদেশে ম্যাচ হওয়ার পরিবেশ আছে কি না। এর জবাবে আমরা যে নিরাপত্তাব্যবস্থা নিয়েছি, নির্বিঘ্নে ম্যাচ পরিচালনায় যেসব পদক্ষেপ নিয়েছি, তা জানিয়েছি। কী ধরনের পদক্ষেপ নিয়েছি, তা তাদের কাছে উপস্থাপন করা হয়েছে। তাতে প্রতিনিধিদল সন্তোষ প্রকাশ করেছে।’

স্বরাষ্ট্রসচিব বলেন, ‘যেসব ব্যাপারে তাদের প্রশ্ন ছিল, তা স্পষ্ট করেছি। তারা আমাদের গৃহীত ব্যবস্থায় আস্থা প্রকাশ করেছে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত খেলা চলবে। সে সময় পর্যন্ত তাদের নিরাপত্তাব্যবস্থা নির্বিঘ্ন রাখব।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রসচিব বলেন, ‘তাঁরা আমাদের কোনো ধরনের নেতিবাচক কথা বলেননি। বরং খেলতে আসার ব্যাপারে তাঁরা আগ্রহ প্রকাশ করেছেন।’

আরও পড়ুন: