ইসির আচরণ পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে, অভিযোগ বিএনপির
আচরণবিধির ক্ষেত্রে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষপাতমূলক আচরণ নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে বলে অভিযোগ করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ এই অভিযোগ করেন। তবে কোন কোন ক্ষেত্রে পক্ষপাতিত্ব হয়েছে তা সুনির্দিষ্টভাবে বিবৃতিতে উল্লেখ করা হয়নি।
বিবৃতিতে আবারও সিটি নির্বাচনে সেনা মোতায়েন এবং বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ জোটভুক্ত সব দলের কার্যালয় খুলে দিয়ে নির্বাচনী মাঠে সবার সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠিতব্য রাজধানীর দুটিসহ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচন কমিশন কর্তৃক প্রার্থী বাছাইয়ে পক্ষপাতদুষ্টের অভিযোগ আনা হয়েছে। তা ছাড়া নির্বাচনী আচরণবিধির ক্ষেত্রেও তাদের পক্ষপাতমূলক আচরণ নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে।’
বিবৃতিতে বলা হয়, ‘২০-দলীয় জোটের দাবি অনুযায়ী নির্বাচন কমিশন সিটি নির্বাচনগুলোতে সেনাবাহিনী মোতায়েনের পাশাপাশি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ জোটভুক্ত সকল দলের কার্যালয় অবিলম্বে খুলে দিয়ে নির্বাচনী মাঠে সকলের সমান সুযোগ নিশ্চিত করবে এবং আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক একপেশে আচরণের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে-এটাই জনদাবি।’