ইসির আশ্চর্য সাজানো ফল
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের কেন্দ্রভিত্তিক ভোটের ফলাফল বিশ্লেষণ প্রকাশ করেছে আদর্শ ঢাকা আন্দোলন। একটি কেন্দ্রের ফল বিশ্লেষণ শেষে সংগঠনটির মন্তব্য, ‘নির্বাচন কমিশনের এ কী আশ্চর্য সাজানো ফল!’ আরেক কেন্দ্রের ফল সম্পর্কে বলা হয়, এটি পরিসংখ্যানগতভাবে ব্যাখ্যাযোগ্য নয়, সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও নয়।
গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সিটি নির্বাচনের ‘অনিয়ম’ ও ‘কারচুপির’ তথ্য-উপাত্ত তুলে ধরার কথা জানিয়েছিল আদর্শ ঢাকা আন্দোলন। পুলিশের বাধায় অনুষ্ঠান হয়নি। পরে সাংবাদিকদের কাছে কারচুপির বিষয়ে একটি সিডি ও ফলাফল বিশ্লেষণী পুস্তিকা পাঠানো হয়।
তাতে দেখা যায়, রাজধানীর ভাষানটেক হাইস্কুল কেন্দ্রে (নম্বর ৫৩০) ৫২২টি ভোট পড়ে। বৈধ ভোটের মধ্যে বাস প্রতীকের তাবিথ আউয়াল পান ২০১ ভোট, আবদুল্লাহ আল কাফী (হাতি) পেয়েছেন ২৪৩টি। এ কেন্দ্রে আনিসুল হক (ঘড়ি) একটি ভোটও পাননি। ঢাকা উত্তরের ১ হাজার ৯৩টি ভোটকেন্দ্রে কাফি ২ হাজার ৪৭৫ ভোট পান। তার মধ্যে ২৪৩টি এ কেন্দ্রেই। বিশ্লেষণে বলা হয়, এটি ব্যাখ্যা ও বিশ্বাস করা কঠিন যে, আওয়ামী লীগ-সমর্থকদের একজনও; এমনকি আনিসুল হকের একজন পোলিং এজেন্টও তাঁকে ভোট দেননি।
উত্তরা হাইস্কুল ও কলেজ (পূর্ব ও পশ্চিম) কেন্দ্রের ফল বিশ্লেষণে উল্লেখ করা হয়, একই জায়গায় অবস্থিত দুটি কেন্দ্রে ভোট প্রদানের ব্যবধান ৯৭ দশমিক ২৬ শতাংশ ও ৩৭ দশমিক ৪৭ শতাংশ। পশ্চিম কেন্দ্রে আনিসুল হক পেয়েছেন ২ হাজার ১২২ ভোট, পূর্ব কেন্দ্রে ৩৭১ ভোট। সেখানে প্রতিদ্বন্দ্বী তাবিথ আউয়াল পশ্চিমে পেয়েছেন ৩০৭ ভোট, পূর্বের কেন্দ্রে পান ৪০৫ ভোট। বিশ্লেষণে বলা হয়, উত্তরা হাইস্কুল ও কলেজ (পশ্চিম) কেন্দ্রে আনিসুল হক যে ভোট পেয়েছেন, তা ১ হাজার ৯৩ কেন্দ্রের মধ্যে সর্বাধিক। একই জায়গার দুটি কেন্দ্রের ফলাফলে এত ব্যাপক ব্যবধান ব্যাখ্যা করা কঠিন।
এ ছাড়া প্রগতি উচ্চবিদ্যালয় কেন্দ্রে (নম্বর ১০৮) ভোট পড়ে ১ হাজার ১৭১। এর মধ্যে ৩৯১ ভোট বাতিল হয়। বৈধ ভোটের মধ্যে আনিসুল হক ৪২৪ এবং তাবিথ আউয়াল পেয়েছেন ৩০০ ভোট। বিশ্লেষণে মন্তব্য করা হয়, অনুমান করা যায় এ কেন্দ্রে ভোট কারচুপির কাজটি তাড়াহুড়া করতে গিয়ে এমন হয়ে থাকতে পারে। নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল অনুযায়ী, ঢাকা উত্তরে ৮ লাখ ৭৪ হাজার ৫৮১ ভোট পড়ে। এর মধ্যে ৩৩ হাজার ৫৮১ ভোট বাতিল হয়।
এমাজউদ্দীন আহমদ গত রাতে প্রথম আলোকে বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তবে কমিশনকে শক্তিশালী করা এবং বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে কিছু বিষয়ে ঐকমত্য হলে বর্তমান সরকারের অধীনেও নির্বাচন হতে পারে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবেন না। এর সঙ্গে তাঁর বক্তব্য সাংঘর্ষিক কি না, জানতে চাইলে এমাজউদ্দীন আহমদ বলেন, ‘ওটা রাজনীতিকদের মুখে মানায়। আমি ওভাবে বলতে চাই না। কারণ, আমি পথটা বন্ধ করতে চাই না।’