ইসির উদ্যোগ আগুনে ঘি ঢেলেছে: বিএনপি

প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার সুযোগ রেখে করা নির্বাচনী আচরণবিধি সংশোধনের খসড়া বাতিলের দাবি জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। দলটি বলেছে, নির্বাচন কমিশনের (ইসি) এমন উদ্যোগ বিদ্যমান রাজনৈতিক অস্থিরতার আগুনে ঘি ঢেলেছে।
আজ বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ দাবি জানান।
সংশোধনীর উদ্যোগের বিরোধিতা করে বিএনপি বলেছে, এমন সংশোধনী আরেকটি জাতীয় সংকটের জন্ম দেবে এবং নির্বাচন কমিশনকে তীব্র জনরোষের মুখে ঠেলে দেবে।
নজরুল ইসলাম খান বলেন, প্রধানমন্ত্রী ও তাঁর মনোনীত ২০ জন ব্যক্তিকে নিজ নিজ পদে বহাল রেখে রাষ্ট্রীয় পরিচয় ও নিরাপত্তা নিয়ে সংসদ নির্বাচনে অংশ নেওয়া ও দলীয় প্রার্থীদের পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার সুযোগ রেখে সংশোধনী প্রস্তাব অনুমোদন করতে যাচ্ছে বলে জাতীয় পত্রিকায় খবর এসেছে। তিনি বলেন, নির্বাচন কমিশনের এমন প্রস্তাব শুধু বৈষম্যমূলক নয়, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ধারণার পরিপন্থী। জনপ্রতিনিধিত্ব আইনের এমন সংশোধনী গোটা নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবে এবং নির্বাচন অনুষ্ঠানকে অনিশ্চিত করবে।
বিএনপির এই নেতা অভিযোগ করেন, একটি দলকে নির্বাচনী প্রচারের বিশেষ সুযোগ দেওয়া হলে তা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নষ্ট করবে। এর ফলে নির্বাচনী ফলও গ্রহণযোগ্য হবে না।
কমিশনের এই উদ্যোগকে ‘অসাধু’ আখ্যা দিয়ে নজরুল ইসলাম খান বলেন, এ উদ্যোগ নিয়ে নির্বাচন কমিশন আরও বেশি করে সরকারের অনুগত ও আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
নির্বাচন কমিশনের উদ্দেশে নজরুল ইসলাম বলেন, সরকারের আকাঙ্ক্ষা পূরণে আগ্রহী হয়ে বা চাপের মুখে কমিশন এ প্রস্তাব প্রত্যাহার করে নিজেদের নিরপেক্ষতা রক্ষা করতে না পারলে তাদের উচিত হবে পদত্যাগ করা।