ইসির কথা শোনেনি আ.লীগ, বিলবোর্ড পোস্টার রয়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তফসিল ঘোষণার পরও রাজধানীর জিরো পয়েন্টের চারপাশে টাঙানো নির্বাচনী প্রচারণার বিলবোর্ড সরেনি। গতকাল তোলা ছবি ষ প্রথম আলো
তফসিল ঘোষণার পরও রাজধানীর জিরো পয়েন্টের চারপাশে টাঙানো নির্বাচনী প্রচারণার বিলবোর্ড সরেনি। গতকাল তোলা ছবি ষ প্রথম আলো

নির্বাচন কমিশনের (ইসি) কথা শুনছে না সরকারি দল। তফসিল ঘোষণার পর তিন দিন পেরিয়ে গেলেও বিলবোর্ড, পোস্টার সরানো হয়নি। নৌকায় ভোট প্রার্থনা-সংবলিত এসব বিলবোর্ড-পোস্টার গতকাল বৃহস্পতিবারও রাজধানীজুড়ে শোভা পাচ্ছিল।
২৫ নভেম্বর সন্ধ্যায় নির্বাচনের তফসিল ঘোষণার পর ইসি বলেছিল, ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনী প্রচারণামূলক বিলবোর্ড বা পোস্টার না সরালে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু ৭২ ঘণ্টা পরও শাসক দল আওয়ামী লীগ এগুলো সরায়নি। ইসিও কোনো ব্যবস্থা নেয়নি। তফসিল অনুযায়ী, ৫ জানুয়ারি ভোট গ্রহণ। ভোটের তিন সপ্তাহ আগে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করা যাবে না। অর্থাৎ ১৪ ডিসেম্বরের পর প্রচারণা চালানো যাবে। তবে তা আচরণবিধি মেনে করতে হবে।
এ অবস্থায় গত রাত পর্যন্ত আবার সময় দিয়েছে ইসি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ গতকাল বিকেলে সাংবাদিকদের বলেন, ‘বৃহস্পতিবার (গতকাল) রাতের মধ্যে অবৈধ প্রচার-উপকরণ সরাতে হবে। নইলে কমিশন সরাবে। এ ক্ষেত্রে যার নামে পোস্টার থাকবে, তাকে খরচ দিতে হবে।’
নির্বাচন কমিশন সূত্র জানায়, বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ এবং দেয়াললিখন মুছে ফেলার নির্দেশনা দিয়ে একটি চিঠি ২৬ নভেম্বর প্রশাসন ও পুলিশের সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়েছে কমিশন। নির্বাচনী কাজে সম্পৃক্ত সামরিক-বেসামরিক সব বিভাগে এর অনুলিপি দেওয়া হয়েছে।
জানতে চাইলে ঢাকার বিভাগীয় কমিশনার (রিটার্নিং কর্মকর্তা) এ এন সামসুদ্দিন আজাদ চৌধুরী গতকাল রাতে প্রথম আলোকে বলেন, এটা চিঠি নয়, পরিপত্র। সবার কাছেই গেছে। প্রার্থীদের নিজ উদ্যোগে ওই সব সরিয়ে ফেলতে বলা হয়েছে। প্রার্থীরা নিজ উদ্যোগে না সরালে কে সরাবে, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি তো সরাতে পারব না। সিটি করপোরেশন সরাবে।’ ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলে করণীয় কী, জানতে চাইলে তিনি বলেন, ‘এটা নির্বাচন কমিশন বুঝবে।’

গতকালও রাজধানীর নূর হোসেন চত্বর, আবদুল গণি রোড, শাহবাগ, কারওয়ান বাজার, ধানমন্ডি, মোহাম্মদপুর, বিজয় সরণি, মিরপুরসহ বিভিন্ন স্থানে নৌকায় ভোট প্রার্থনা করে বিলবোর্ড, ব্যানার ও পোস্টার দেখা গেছে। সরকারের সাফল্য তুলে ধরে বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে মোড়ে মোড়ে টাঙানো বিলবোর্ডও আগের মতোই আছে।

তবে ফার্মগেট, ধানমন্ডির কয়েকটি ফুটওভারব্রিজ, কিছু কিছু বিদ্যুতের খুঁটি ও স্থাপনায় লাগানো পোস্টার সরানো হয়েছে। বড় বড় বিলবোর্ড-ব্যানারগুলো রয়ে গেছে।