ইসির কাছে সুজনের ১৫ প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনপ্রক্রিয়াকে সুসংহত ও গ্রহণযোগ্য করতে সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য আচরণবিধি প্রণয়ন করাসহ নির্বাচন কমিশনকে (ইসি) ১৫ দফা প্রস্তাব দিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

আজ মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে ইসির সঙ্গে মতবিনিময় করেন সুজনের প্রতিনিধিরা। সেখানে এ প্রস্তাবগুলো তুলে ধরা হয় বলে সুজনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
সভায় সুজনের পক্ষ থেকে ভোটার তালিকা হালনাগাদ, সীমানা পুনর্নির্ধারণ, আইনি কাঠামোতে পরিবর্তন আনা, তৃণমূলের মতামতের ভিত্তিতে মনোনয়ন, দলের কমিটিতে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করা, দ্রুত নির্বাচনী বিরোধ মীমাংসা, প্রার্থীর হলফনামা যাচাই, নির্বাচনী ব্যয়ের তথ্য নিরীক্ষণ ও বাছাই, ইউনিয়ন পর্যায়ে হলফনামা বাধ্যতামূলক করা, কমিশনে নিয়োগ আইন, সহিংসতা রোধে কার্যকর উদ্যোগ নেওয়া, নির্বাচনী ব্যয়সীমা কমিয়ে আনা, রাজনৈতিক দলের অঙ্গসংগঠন ও বৈদেশিক শাখার বিষয়ে আইন অনুসরণ, স্থানীয় নির্বাচন নির্দলীয় করা ও সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য আচরণবিধি প্রণয়নের প্রস্তাব করা হয়।
সভায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম ও শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। সুজনের প্রতিনিধিদের মধ্যে ছিলেন সংগঠনটির সভাপতি এম হাফিজউদ্দিন খান, সম্পাদক বদিউল আলম মজুমদার, সহসম্পাদক জাকির হোসেন, নির্বাহী সদস্য সৈয়দ আবুল মকসুদ, হামিদা হোসেন, তোফায়েল আহমেদ প্রমুখ।