
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্বাচনের যথাযথ পরিবেশ সৃষ্টির জন্য নির্বাচন কমিশনের (ইসি) চাহিদা অনুযায়ী দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে। গতকাল বুধবার জাতীয় সংসদে নির্ধারিত প্রশ্নোত্তরে আওয়ামী লীগের গোলাম দস্তগীর গাজীর প্রশ্নের জবাবে সংসদ নির্বাচনের প্রস্তুতির ব্যাখ্যা দিতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, নির্বাচনের সময় প্রার্থী ও দলগুলো যাতে আচরণবিধি মেনে চলে, সে জন্য বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হবে। তিনি বলেন, নির্বাচন পরিচালনার জন্য কমিশনের আর্থিক স্বাধীনতা রয়েছে।
প্রধানমন্ত্রী জানান, সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে। নির্বাচনী এলাকাভিত্তিক ভোটার তালিকা ছাপা ও সিডি তৈরির কাজ চলছে। ভোটার ও ভোটকেন্দ্র বৃদ্ধি পাওয়ায় অতিরিক্ত ৪০ হাজার স্বচ্ছ ব্যালট বাক্স ও অন্যান্য নির্বাচনী মালামাল কেনার ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় সাত লাখ ভোট গ্রহণ কর্মকর্তার প্রশিক্ষণের কর্মসূচি নেওয়া হয়েছে।
বিএনপি সরকারের যোগসাজশে হরকাতুল জিহাদ গ্রেনেড হামলা চালিয়ে আমাকে ও আওয়ামী লীগ নেতাদের হত্যার চেষ্টা চালায়। আমি প্রাণে বেঁচে গেলেও আইভি রহমানসহ ২২ জনকে প্রাণ দিতে হয়েছে। বর্তমান সরকারের প্রচেষ্টায় দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ দূর হয়েছে।’
প্রশ্নোত্তরের আগে বিকেল পাঁচটার পর স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।