ইসির তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিম্নমানের ব্যাগ সরবরাহ করে ৪৫ লাখ টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) দুই কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। গতকাল মঙ্গলবার শেরেবাংলা নগর থানায় মামলাটি করেন দুদকের উপসহকারী পরিচালক মো. মনিরুল ইসলাম।
মামলার আসামিরা হলেন নির্বাচন কমিশনের সাবেক জাতীয় প্রকল্প পরিচালক (এসইএমবি প্রকল্প) মো. শাহজাহান মিয়া, প্রকল্পের ফিন্যান্সিয়াল এক্সপার্ট নুরুল আলম এবং মেসার্স জামান অ্যান্ড ব্রাদার্সের মালিক এস এম শহিদুজ্জামান।
দুদকের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য মামলার অভিযোগের বিষয়ে জানান, এসইএমবি প্রকল্পের আওতায় ৭২ হাজার ব্যাগ সরবরাহের কাজ পায় মেসার্স জামান অ্যান্ড ব্রাদার্স। কাজ পেয়ে প্রতিষ্ঠানটি আট হাজার ৩৮০টি ব্যাগ সরবরাহ করে, যার মূল্য ধরা হয় ৪৫ লাখ ২৫ হাজার ২০০ টাকা। ইসির ওই দুই কর্মকর্তার যোগসাজশে মেসার্স জামান অ্যান্ড ব্রাদার্স ওই বিল ইসিতে উপস্থাপন করে। কিন্তু সরবরাহ করা ব্যাগগুলো নির্ধারিত মানের চেয়ে নিম্নমানের বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতীয়মান হয়।