ইসির দায়িত্ব শঙ্কা দূর করা

আজ যে তিনটি সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, আশা করি আগেরগুলোর তুলনায় এই নির্বাচন ভালো হবে। আগের নির্বাচনগুলো থেকে নির্বাচন কমিশন (ইসি) নিশ্চয়ই কিছু অভিজ্ঞতা নিয়েছে। তারা কয়েকবার নির্বাচনী এলাকাগুলো পরিদর্শন করেছে। কোনো এলাকাতেই বড় ধরনের কোনো গন্ডগোলও হয়নি। যদিও কিছু কিছু অভিযোগ আছে, যার সবটার হয়তো প্রতিকার করা ইসির পক্ষে সম্ভব হয়নি।
একটা ভালো নির্বাচনের জন্য সবার ভূমিকা দরকার। সবার সহযোগিতা দরকার। শুধু ইসির পক্ষে একটা ভালো নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। ইসির পাশাপাশি রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাধারণ প্রশাসন, এমনকি ভোটারদেরও সহযোগিতা না থাকলে ভালো নির্বাচন করা সম্ভব হয় না।
তিন সিটিতে নির্বাচনে অংশ নেওয়া কোনো কোনো প্রার্থী এবং দলের আশঙ্কা আছে তাদের এজেন্টদের কাজ করতে দেওয়া হবে না বলে। এ বিষয়টিতে ইসির বিশেষভাবে নজর দেওয়া দরকার। এর আগের নির্বাচনগুলোতে এ ধরনের ঘটনা ঘটেছিল বলে অভিযোগ রয়েছে। সেই ধারণা থেকে এবারও আশঙ্কা করা হচ্ছে। এই আশঙ্কা দূর করার জন্য ইসির উদ্যোগী হওয়া দরকার।
তিন সিটির নির্বাচনকে ঘিরে ইসির ভূমিকা যথার্থই আছে। তবে নির্বাচনের পর বোঝা যাবে যে কোথাও ইসির দুর্বলতা ছিল কি না। কোনো কোনো ক্ষেত্রে আরও নজর দিতে হতো। অনেকে স্থানীয় সরকারের এসব নির্বাচনের মধ্যে জাতীয় নির্বাচনের একটা চিত্র দেখেন। তবে এটা সবার জানা দরকার যে স্থানীয় সরকারের নির্বাচন কোনোভাবেই জাতীয় নির্বাচনের সঙ্গে তুলনীয় নয়। জাতীয় নির্বাচন সম্পূর্ণ আলাদা ধাঁচের।
লেখক: সাবেক নির্বাচন কমিশনার