ইসির দুর্নীতির অভিযোগ তদন্ত করবে দুদক
নির্বাচন কমিশনের ভোটার নিবন্ধন সফটওয়্যার কেনায় উত্থাপিত দুর্নীতির অভিযোগ তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে দুদককে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সচিবালয় সূত্র জানায়, বাংলাদেশ ভোটার রেজিস্ট্রেশন সিস্টেম (বিভিআরএস) সফটওয়্যার এবং ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনা-সংক্রান্ত দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য দুদক কয়েক মাস আগে তথ্য চেয়েছিল। এত দিন না চাইলেও ইসি এখন তথ্য দিতে চাইছে।
গতকাল রোববার ইসি সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, দুদকে বিভিআরএস সফটওয়্যার-সংক্রান্ত তথ্য পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত। কয়েক দিনের মধ্যে ইভিএমের তথ্যও পাঠানো হবে।
দুদক আইনের ২৩ ধারা অনুসারে, সংস্থাটি তদন্তের স্বার্থে সরকারি প্রতিষ্ঠান, সংস্থা ও কর্তৃপক্ষের কাছে তথ্য চাইতে পারবে। তারা তথ্য না দিলে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
ইসি সচিবালয় সূত্র জানায়, জাতীয় পরিচয়ের তথ্য সংরক্ষণের জন্য ইসি ছবিসহ ভোটার তালিকা প্রকল্পের আওতায় টাইগার আইটি নামে একটি প্রতিষ্ঠানের কাছ থেকে বিভিআরএস সফটওয়্যার, হার্ডওয়্যার, অন্যান্য সরঞ্জামসহ ৪৭ কোটি টাকার মালামাল কেনে। ইসির সঙ্গে টাইগার আইটির স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ২০১২ সালের ১৫ জুনের মধ্যে ভোটার তথ্যভান্ডার ও বিভিআরএস সফটওয়্যার হস্তান্তর করার কথা ছিল। কিন্তু প্রতিষ্ঠানটি এখনো তা ইসিকে হস্তান্তর করেনি। ২০১৩ সালের ২২ জুলাইও ইসির নিবন্ধন বিভাগের সঙ্গে বৈঠকে তিন মাসের মধ্যে সফটওয়্যার ও তথ্যভান্ডার হস্তান্তর করার প্রতিশ্রুতি দিয়েছিল টাইগার আইটি। প্রতিষ্ঠানটি কয়েক দিন আগে বলেছে, ইসি চাইলেই তারা এসব হস্তান্তর করতে প্রস্তুত আছে।
ইসি সচিবালয় সূত্র জানায়, ২০০৯ সালে ইসি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক অধ্যাপক মাহফুজুর রহমানের কাছ থেকে তিন দফায় এক হাজার ২৩০টি ইভিএম কেনে। এতে ব্যয় হয় আনুমানিক পাঁচ কোটি টাকার মতো। এ কেনায় অনিয়ম হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা অভিযোগ করেছেন।