ইসির নির্দেশ আমলেই নিচ্ছেন না কেউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচনের তফসিল ঘোষণার পরও আইন অমান্য করে ভোট চেয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় রঙিন পোস্টার ও প্ল্যাকার্ড টাঙানো হচ্ছে বিভিন্ন প্রার্থীর পক্ষে। গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাব এলাকা থেকে তোলা ছবি ষ প্রথম আলো
নির্বাচনের তফসিল ঘোষণার পরও আইন অমান্য করে ভোট চেয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় রঙিন পোস্টার ও প্ল্যাকার্ড টাঙানো হচ্ছে বিভিন্ন প্রার্থীর পক্ষে। গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাব এলাকা থেকে তোলা ছবি ষ প্রথম আলো

নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশ আমলে নিচ্ছেন না কেউ। ইসিও নির্বাচনী আচরণবিধির প্রয়োগ ও বাস্তবায়নে সরকারি দলের প্রতি নমনীয়। সম্ভাব্য প্রার্থী ও সরকারি দল আওয়ামী লীগ আচরণবিধি লঙ্ঘন করে রাজধানীতে নৌকায় ভোট চেয়ে টানানো ব্যানার, বিলবোর্ড ও পোস্টার লাগিয়েছে। এগুলো সরাতে কার্যকর কোনো পদক্ষেপ না নিয়ে শুধু অফিস আদেশ জারি করেই দায় সারছে ইসি।

ইসি, ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকা জেলা প্রশাসন ও সিটি করপোরেশন একে অপরের ওপর দায়িত্ব ছেড়ে দিয়েছে। সরকারনিয়ন্ত্রিত বাংলাদেশ টেলিভিশন ও বেতারেও চলছে সরকারের প্রচারণা।

নির্বাচন কমিশন গত ২৬ নভেম্বর সব রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের চিঠি দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে ভোট প্রার্থনা করে কিংবা শুভেচ্ছা জানিয়ে টানানো ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, পোস্টার সরিয়ে ফেলার নির্দেশ দেয়। গত বুধবার প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের বলেছিলেন, বৃহস্পতিবার থেকে কমিশন এগুলো সরিয়ে দেবে এবং যাঁরা টানিয়েছেন, তাঁদের কাছ থেকে খরচ আদায় করা হবে। গতকাল পুনরায় ৬৬ জন রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিয়ে লিফলেট, ব্যানার, পোস্টার, বিলবোর্ড তুলে বা মুছে ফেলার নির্দেশ দিয়েছে ইসি। কিন্তু এই চিঠিতে রাষ্ট্রীয় প্রচারযন্ত্রে সরকারি দলের প্রচারণা বন্ধের ব্যাপারে কোনো নির্দেশনা নেই।

সরেজমিনে গতকাল রাজধানীর ধানমন্ডি, মিরপুর, শাহবাগ, গুলিস্তান, মোহাম্মদপুরসহ বিভিন্ন স্থানে সরকারি দলের পক্ষে ভোট চেয়ে বিলবোর্ড, ব্যানার ও পোস্টার দেখা গেছে। কিছু ফুটওভারব্রিজ ও বিদ্যুতের খুঁটিতে থাকা পোস্টার-ব্যানার সরিয়েছে ঢাকা সিটি করপোরেশন। কিন্তু কিছু স্থানে অপসারণের পর পুনরায় একই পোস্টার লাগানো হচ্ছে। সরকারের সাফল্য তুলে ধরে এবং নৌকায় ভোট চেয়ে টাঙানো বিলবোর্ডগুলো আগের মতোই আছে। অবশ্য কমিশন সংশ্লিষ্টদের যে চিঠি দিয়েছিল, সেখানে নিজ উদ্যোগে না সরালে ৫০ হাজার টাকা জরিমানা বা ছয় মাসের কারাদণ্ড কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করার কথা বলা হয়েছিল।

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী তফসিল ঘোষণার পর প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত কোনো প্রচারণা চালানো যাবে না। কমিশন গত ২৫ নভেম্বর তফসিল ঘোষণা করে। এই হিসেবে ১৪ জানুয়ারির আগে কোনো ধরনের প্রচারণা চালানো যাবে না।

 রাজধানীতে ঢাকার বিভাগীয় কমিশনার এবং ঢাকা জেলায় জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা। ঢাকা জেলা প্রশাসন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ইসির চিঠিটি পাঠিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। আর বিভাগীয় কমিশনার চিঠি পাঠিয়ে দেন দুই সিটি কর-পোরেশনের কাছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সিটি করপোরেশন বিচ্ছিন্নভাবে বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ করলেও নির্বাচন কমিশন তাদের পর্যবেক্ষণ করছে না।

বিটিভিতে চলছে প্রচারণা: আচরণবিধি অনুযায়ী, নির্বাচনের তফসিল ঘোষণার পর রাষ্ট্রীয় প্রচারযন্ত্র ব্যবহার করে কোনো ধরনের প্রচারণা চালানো যাবে না। কিন্তু সরকারি দল বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) তাদের পাঁচ বছরের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার মাধ্যমে প্রচারণা চালিয়ে যাচ্ছে। তফসিল ঘোষণার আগে থেকেই এই প্রচারণা চলছে। বিটিভির একাধিক সূত্র জানায়, তাদের প্রতি সরকারের পাঁচ বছরের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরার নির্দেশ আছে। বিষয়টি আচরণবিধির লঙ্ঘন হলেও বিটিভি কর্তৃপক্ষ তা আমলে নিচ্ছে না। রাত আটটার সংবাদসহ সারা দিনের সংবাদ প্রচার অনুষ্ঠানের বেশির ভাগ অংশজুড়েই থাকে সারা দিনের উন্নয়নমূলক কর্মকাণ্ড। সন্ধ্যা ছয়টায় থাকে দেশ ও জনপদের খবর। এই খবরের পুরো অংশজুড়ে থাকে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড।

২০০৮ সালের নির্বাচনের আগে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে কোন বিষয় প্রচার করা যাবে, আর কোনগুলো প্রচার করা যাবে না, সে বিষয়ে নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছিল কমিশন। এবার সে ধরনের কোনো চিঠি দেওয়া হয়নি।

সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর কেউ যদি প্রচারণা চালায় বা ক্ষমতাসীন দল যদি রাষ্ট্রীয় প্রচারমাধ্যম ব্যবহার করে প্রচারণা চালায়, সেটা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এ বিষয়ে নির্বাচন কমিশনকেই দায়িত্ব নিতে হবে। কেউ যদি অব্যাহতভাবে আচরণবিধি লঙ্ঘন করে চলে, সেই দায়ও কমিশনের।

নির্বাচন কমিশনার আবু হাফিজ বলেন, বিটিভির প্রচার-প্রচারণা সম্পর্কে তিনি কিছু জানেন না। এ বিষয়ে তিনি আজ কমিশনের দৃষ্টি আকর্ষণ করবেন। অন্যান্য বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

বিলবোর্ড-ব্যানার আগের মতোই: কয়েক দিন ধরেই ফার্মগেট চত্বরে এবং বিজয় সরণির পশ্চিম প্রান্তে বিমানের ভাস্কর্যের পাশে কাঠের তৈরি দুটি নৌকা দেখা যাচ্ছে। এই দুটি নৌকার ওপর টানানো হয়েছে সরকারের সাফল্য তুলে ধরা ব্যানার। এসব ব্যানারের শিরোনাম ‘নৌকায় ভোট মানে অগ্রগতি...’।

গতকাল শনিবারও এই দুটি নৌকা দেখা গেছে। এত দিন বিজয় সরণির নৌকার গায়ে পাট ও বস্ত্র মন্ত্রণালয় লেখা থাকলেও গতকাল তা দেখা যায়নি। আর ফার্মগেটের রেলিং দিয়ে ঘেরা চত্বরের ভেতরে নৌকার পাশে দুজন পুলিশকে সকাল থেকে বিকেল পর্যন্ত বসে থাকতে দেখা গেছে।

এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও নৌকার ছবিসংবলিত আওয়ামী লীগের অন্তত পাঁচটি বিলবোর্ড দেখা গেছে ধানমন্ডির বিভিন্ন সড়কের পাশে। গতকাল নতুন করে আওয়ামী লীগের একটি বিলবোর্ড দেখা গেছে পান্থপথ সিগন্যালে।

আসাদগেটের উল্টো দিকে এবং ধানমন্ডি ২৭ নম্বরের পশ্চিম প্রান্তে জাহাঙ্গীর কবির নানকের পক্ষে টাঙানো বিলবোর্ড দুটি গতকাল দেখা যায়নি। তবে ২৭ নম্বরের পশ্চিম প্রান্তে সড়ক বিভাজকে নৌকায় ভোট প্রার্থনা করে নানকের পক্ষে বসানো বড় ব্যানারটি এখনো রয়েছে।

কার্জন হলের উত্তর-পূর্ব কোনায় যুবলীগের বিলবোর্ড সরে গেছে। নূর হোসেন চত্বরে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নৌকায় ভোট চেয়ে টাঙানো বিলবোর্ড গতকাল দেখা যায়নি। তবে সেখানে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভার খবর ও শেখ হাসিনার বড় বড় ছবি শোভা পাচ্ছে।

নূর হোসেন চত্বরের দক্ষিণের ফুটওভারব্রিজে নৌকায় ভোট চেয়ে বিশাল লম্বা ব্যানার দেখা গেছে। এটি টানানো হয়েছে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলমের ছবি দিয়ে।

শাহবাগ থেকে গুলিস্তান পর্যন্ত বেশ কয়েকটি স্থানে শাহবাগ থানা যুবলীগের পক্ষ থেকে গোলাম আজম নৌকায় ভোট চেয়ে বড় বড় ব্যানার টানিয়েছেন। মিরপুরের বিভিন্ন সড়কেও নৌকায় ভোট প্রার্থনা করে টানানো ব্যানার-পোস্টার দেখা গেছে।