ইসির নির্দেশ উপেক্ষা, সরানো হয়নি ব্যানার ফেস্টুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪৮ ঘণ্টার মধ্যে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ও পোস্টারসহ সব ধরনের প্রচার উপকরণ অপসারণের নির্বাচন কমিশন নির্দেশ দিলেও তা উপেক্ষা করেছেন নওগাঁ পৌরসভার সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর পদের সম্ভাব্য প্রার্থীরা।
গতকাল শনিবার বিকেল পাঁচটা পর্যন্ত পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময়সীমা পার হলেও রাস্তার দুই ধারে বিদ্যুতের খুঁটি, গাছ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ব্যানার, ফেস্টুন ও পোস্টার ঝুলতে দেখা গেছে। তবে কোনো বিলবোর্ড দেখা যায়নি।
গত ২৪ নভেম্বর নির্বাচন কমিশন সারা দেশে ২৩৬টি পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করে। এ সময় নির্বাচনে প্রচারণায় ব্যবহৃত সব ধরনের ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড অপসারণের নির্দেশ দেওয়া হয়। প্রার্থীরা নির্দেশ না মানলে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়। নির্বাচন কমিশনের দেওয়া এই সময়সীমা গত বৃহস্পতিবার শেষ হয়।
মেয়র মনোনয়নপ্রত্যাশী পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষাণ, জেলা যুবলীগের আহ্বায়ক খোদাদদ খান পিটু, বর্তমান মেয়র ও বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী নজমুল হক সনি ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান রিপনের বিলবোর্ড পৌরসভার বিভিন্ন এলাকা থেকে নামানো হয়েছে। তবে প্রধান সড়কের দুই পাশ থেকে ব্যানার, ফেস্টুন ও পোস্টার সরানো হলেও শহরের বিভিন্ন এলাকায় দেখা গেছে। এঁদের মধ্যে পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ, পৌর মেয়র নজমুল হক সনি ও পৌর বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন আহমেদের ব্যানার ও ফেস্টুন গতকাল সন্ধ্যা পর্যন্ত নামানো হয়নি।
গতকাল বিকেলে এ বিষয়ে জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবীর বলেন, পৌরসভা নির্বাচনের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিরুল ইসলামকে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বিষয়টি তিনিই ভালো বলতে পারবেন।
অতিরিক্ত জেলা প্রশাসক আমিরুল ইসলাম বলেন, নির্ধারিত সময়সীমার মধ্যে ব্যানার, ফেস্টুন সরানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও যাঁরা এসব অপসারণ করেননি তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।