
নির্বাচন কমিশনের নির্দেশমতো ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পুলিশ ও আনসার অস্ত্র নিয়ে প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। নির্বাচনে সারা দেশে পুলিশ, র্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১ লাখ ৮০ হাজার সদস্য মোতায়েন করা হবে।
ইউপি নির্বাচন উপলক্ষে পুলিশ সদর দপ্তরে গতকাল রোববার সকালে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে আইজিপি এসব কথা বলেন। তিনি বলেন, ইউপি নির্বাচন নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। প্রথম ধাপে ২২ মার্চ ৭২১টি এবং ৩১ মার্চ দ্বিতীয় ধাপে ৬৪৯টি ইউপিতে নির্বাচন হবে। নির্বাচনের আগ পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সন্ত্রাসী-অপরাধী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার এবং নির্বাচনী বিধি ও আচরণবিধি মেনে চলার দিকে খেয়াল রাখবে আইনশৃঙ্খলা বাহিনী। ভোট দিয়ে বাড়ি যাওয়া ভোটারকে নিরাপত্তা দেওয়া হবে। নির্বাচনের পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে, সে ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশের এই শীর্ষ কর্মকর্তা বলেন, কেন্দ্রে গোলযোগ হলে নির্বাচন কমিশনের ক্ষমতাবলে প্রিসাইডিং কর্মকর্তা ভোট স্থগিত করে দিতে পারেন। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে। এ ছাড়া প্রার্থীর সংশ্লিষ্টতা থাকলে তিনি আসামি হবেন। তাঁর প্রার্থিতাও বাতিল হয়ে যাবে।
শহীদুল হক বলেন, দেশে প্রথমবারের মতো দলীয়ভাবে ইউপি নির্বাচন নিয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সহিংস ঘটনা ঘটেছে ছোট-বড় ২০৮টির মতো। এতে সাতজন নিহত ও ৫৮০ জন আহত হয়েছেন। ১৪৩টি মামলা ও ৫৫টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। সহিংসতায় জড়িত থাকার অভিযোগে ৯৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ব্রিফিং শেষে আইজিপি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
প্রশ্ন: বরিশালে একজন প্রার্থী নির্বাচনে সহিংসতা ও ভোট ডাকাতির আশঙ্কা করে নিজের কবর নিজে খুঁড়েছেন, পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। মাঠপর্যায়ে যখন এ অবস্থা তখন আপনি কীভাবে সুষ্ঠু পরিবেশ বজায় রাখবেন বলে আশা করেন?
আইজিপি: বিষয়টি আমার নলেজে আসেনি, আমাকে কেউ বলেওনি। বিষয়টি দেখব।
প্রশ্ন: দলীয় পরিচয়ে এবার নির্বাচন হচ্ছে, পুলিশ কি দলীয় পরিচয়ের বাইরে গিয়ে প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারবে, সে ক্ষেত্রে আপনার অবস্থান কী?
আইজিপি: পুলিশ কাজ করে রাষ্ট্রের পক্ষে, জনগণের পক্ষে। পুলিশ পুলিশের পরিচয়ে কাজ করে, দলীয় পরিচয়ে কাজ করে না। র্যাব র্যাবের পরিচয়ে এবং বিজিবি বিজিবির পরিচয়ে কাজ করে।
প্রশ্ন: অনেক স্থান থেকে অভিযোগ আসছে সরকারদলীয় প্রার্থীদের হয়ে পুলিশ কাজ করছে?
আইজিপি: আপনার কাছে অভিযোগ আসলে হবে না, আমাদের কাছে অভিযোগ আসতে হবে।
প্রশ্ন: অভিযোগ রয়েছে, সরকারদলীয় সাংসদেরা যেভাবে চান পুলিশ সেভাবেই কাজ করছে?
আইজিপি: এ ধরনের অভিযোগ করে থাকলে সরাসরি আমার কাছে পাঠিয়ে দেন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
প্রশ্ন: ২০৮টি সহিংস ঘটনায় যে ৯৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের মধ্যে কোনো প্রার্থী আছেন কি না?
আইজিপি: প্রার্থী ও সমর্থক গ্রেপ্তার হয়েছে। ২০৮টি সহিংস ঘটনার মধ্যে ১০৩টি বরিশালে ঘটেছে।
প্রশ্ন: সারা দেশে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যা কত?
আইজিপি: সব ভোটকেন্দ্র একই, কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই।
প্রশ্ন: সুষ্ঠু নির্বাচনের জন্য যে পদক্ষেপ নিয়েছেন, তা কি শেষ পর্যন্ত বজায় থাকবে?
আইজিপি: আমি আশাবাদী, আমাদের প্রস্তুতি আছে। সরকারও চায় একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক।