ইসির নির্দেশে সরানো হলো খুলশীর ওসিকে
নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশে চট্টগ্রামের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম ভুঁইয়াকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁকে খুলশী থানা থেকে নগর গোয়েন্দা পুলিশে বদলি করা হয়। ওসির দায়িত্ব েদওয়া হয় একই থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত চক্রবর্তীকে।
এ বিষয়ে চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মো. আবদুল জলিল মণ্ডল গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে জানান, ইসির নির্দেশ অনুযায়ী খুলশী থানার ওসিকে সরিয়ে নেওয়া হয়েছে।
আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ ওঠার পর ওসি মাঈনুল ইসলামকে ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে নিতে পুলিশ কমিশনার মো. আবদুল জলিল মণ্ডলকে গত বুধবার রাতে চিঠি দেন চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন। চিঠিতে ওসিকে সরানোর পাশাপাশি সিটি নির্বাচন-সংক্রান্ত কোনো দায়িত্বে তাঁকে না রাখারও নির্দেশ দেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য একজন দক্ষ ও নিরপেক্ষ ওসিকে দায়িত্ব দেওয়ার কথা বলা হয় চিঠিতে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ১১ এপ্রিল ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের জামায়াত-সমর্থিত বর্তমান কাউন্সিলর মাহফুজুল আলমের স্ত্রী ও সমর্থকেরা প্রচারণায় গেলে তাঁদের ওপর হামলা চালানো হয়। এরপর ১৬ এপ্রিল আরেক দফা হামলায় আহত হন মাহফুজুলের স্ত্রী ও কয়েকজন সমর্থক। আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ হোসেন হিরণের সমর্থকেরা এসব হামলায় জড়িত বলে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। অভিযোগ আমলে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে খুলশী থানার ওসির কাছে এ ব্যাপারে গৃহীত ব্যবস্থা সম্পর্কে জানতে চাওয়া হয়। তিন দিনের মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়। কিন্তু ইসির নির্দেশনা অমান্য করায় তাঁকে সরানোর চিঠি দেওয়া হয় পুলিশ কমিশনারের কাছে।