ইসির পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের কালো ব্যাজ ধারণ আজ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনের (ইসি) পদোন্নতিবঞ্চিত কর্মকর্তারা আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার কালো ব্যাজ ধারণ করে কাজ করবেন। তবে ১ ডিসেম্বরের পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি পালনের বিষয়ে পরে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। ইসির কর্মকর্তাদের সংগঠন ‘ইলেকশন কমিশন সার্ভিসেস অফিসার্স অ্যাসোসিয়েশন’-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হবে।
অ্যাসোসিয়েশনের সভাপতি, কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব জেসমিন টুলী প্রথম আলোকে বলেন, ইসি সচিবালয়ের কোনো পর্যায়ের কর্মকর্তারা দীর্ঘদিন ধরে পদোন্নতি পাচ্ছেন না। গত ঈদুল আজহার আগে আন্দোলনের কর্মসূচি গ্রহণ করতে গেলে কর্তৃপক্ষ এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিল। তবে এখন পর্যন্ত তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এই আন্দোলনের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই।
ইসির উচ্চতর পদে নিয়োগ-পদোন্নতির জন্য গঠিত সুপিরিয়র সিলেকশন কমিটির সভাপতি নির্বাচন কমিশনার জাবেদ আলী বলেন, পদোন্নতি দিতে কমিশনের কোনো দ্বিধা নেই। পদোন্নতির উদ্যোগ চলমান আছে। পদোন্নতির দাবিভুক্ত অনেক পদ তফসিলে অন্তর্ভুক্ত নেই। সেগুলো তফসিলে অন্তর্ভুক্ত করাসহ কিছু আইনি জটিলতা নিরসনের জন্য কাজ চলছে।
পদোন্নতিবঞ্চিত কর্মকর্তারা বলেন, আইনি জটিলতার দায় তাঁদের নয়। তা ছাড়া বিভিন্ন পদে পদায়নের ক্ষেত্রেও জটিলতা রয়েছে।