ইসির প্রস্তাবে জামায়াতের আপত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্তদের ভোটার হওয়ার সুযোগ বাতিল করে নির্বাচন কমিশন ভোটার তালিকা আইন সংশোধনের যে প্রস্তাব করেছে, তার বিরুদ্ধে আপত্তি জানিয়েছে জামায়াতে ইসলামী।

আজ রোববার দুপুরে এ-সংক্রান্ত আইন সংশোধনের প্রস্তাব প্রত্যাহার করার জন্য তারা নির্বাচন কমিশনে লিখিত আপত্তি জমা দিয়েছে। একই সঙ্গে তারা গণপ্রতিনিধিত্ব আদেশের সংশ্লিষ্ট ধারা সংশোধনের ব্যাপারেও আপত্তি জানিয়েছে।

জামায়াতের আইনবিষয়ক সম্পাদক জসীম উদ্দিন সরকার স্বাক্ষরিত এ চিঠিতে বলা হয়েছে, সরকারের পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে কমিশন তড়িঘড়ি করে ভোটার তালিকা আইন ও গণপ্রতিনিধিত্ব আদেশে সংশোধনের প্রস্তাব করেছে। এর মাধ্যমে কমিশন আগামী নির্বাচনকে অনিশ্চিত করে তুলছে।

বিকেলে দপ্তর ছেড়ে যাওয়ার সময় প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদ এ বিষয়ে সাংবাদিকদের বলেন, ‘আইনের আলোকেই নির্বাচন কমিশন সব ব্যবস্থা নিচ্ছে। জামায়াত যে সুপারিশ করেছে, সে বিষয়ে তাদের আরও আইনি ব্যাখ্যা দিতে বলা হয়েছে। তাদের বলেছি, সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন করাই আমাদের লক্ষ্য। কাউকে বাদ দেওয়া এবং কোনো দল বা ব্যক্তিকে টার্গেট করে আমরা কিছু করছি না।’ তিনি আরও বলেন, দালাল আইনের বিষয়টি সংবিধানে উল্লেখ আছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিষয়টি সংবিধানে না থাকায় সেটিকে আইনের মাধ্যমে উল্লেখ করা হয়েছে। 

কমিশন ভোটার তালিকা আইনের ৯ ধারা সংশোধনের প্রস্তাবে বলেছে, কোনো ব্যক্তি ১৯৭২ সালের বাংলাদেশ যোগসাজশকারী (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশের (দালাল আইন) অধীন এবং যুদ্ধাপরাধী বা মানবতাবিরোধী অপরাধী হিসেবে কোনো জাতীয় বা আন্তর্জাতিক আদালত বা ট্রাইব্যুনালের অধীন দোষী সাব্যস্ত হলে তিনি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য হবেন না। ১৩ ধারা সংশোধনের প্রস্তাবে বলা হয়েছে, ভোটার তালিকায় অন্তর্ভুক্ত কোনো ব্যক্তি এ দুটি আইনে সাজাপ্রাপ্ত হলে তাঁর নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের প্রস্তাবে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্ত ব্যক্তিরা নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য হবেন।

জামায়াতের নেতা আবদুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল কমিশনের কাছে চিঠি হস্তান্তর করে। এতে বলা হয়েছে, বয়স ১৮ বা তার বেশি হলে প্রত্যেক নাগরিকের ভোটার হওয়ার অধিকার সংবিধানে দেওয়া আছে। নির্বাচন কমিশন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের সূত্র ধরে দণ্ডপ্রাপ্ত জামায়াতের নেতাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য আইন সংশোধনের সুপারিশ করেছে। প্রস্তাবিত এ আইন সংবিধান ও মানবাধিকারের পরিপন্থী। আরও বলা হয়েছে, সরকার জামায়াতের অগ্রযাত্রায় ভীত হয়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এই দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বিচারের নামে প্রহসন করছে। এসব রায়ের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে দায়ের করা আপিল নিষ্পত্তি হওয়ার আগে আইন সংশোধনের প্রস্তাব উদ্দেশ্যমূলক।

লিখিত আপত্তিতে জামায়াত প্রধানমন্ত্রী ও তাঁর মনোনীত ২০ ব্যক্তিকে নির্বাচনী প্রচারণায় বিশেষ সুবিধা দেওয়ার বিধান নির্বাচনী আচরণবিধিতে অন্তর্ভুক্ত না করার দাবি জানায়। তারা বলেছে, এ ধরনের সুপারিশ নিরপেক্ষ নির্বাচনের পরিপন্থী। এ আইনের অধীন নির্বাচন হলে তা দেশের মানুষ গ্রহণ করবে না।

কমিশনের কাছে চিঠি জমা দেওয়ার পর জামায়াতের নেতা আবদুল্লাহ মো. তাহের সাংবাদিকদের বলেন, কমিশন বিশেষ কোয়ার্টারের পরামর্শে আইন সংশোধনের উদ্যোগ গ্রহণ করেছে। এ ধরনের সিদ্ধান্ত আগামী নির্বাচনকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেবে।

বিকেলে দপ্তর ছেড়ে যাওয়ার সময় প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, ‘আইনের আলোকেই নির্বাচন কমিশন সব ব্যবস্থা নিচ্ছে। জামায়াত যে সুপারিশ করেছে, এ বিষয়ে তাদের আরও আইনি ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আমরা তাদের বলেছি, সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন করাই আমাদের লক্ষ্য। কাউকে বাদ দেওয়া এবং কোনো দল বা ব্যক্তিকে টার্গেট করে আমরা কিছু করছি না।’ তিনি আরও বলেন, দালাল আইনের বিষয়টি সংবিধানে উল্লেখ আছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিষয়টি সংবিধানে না থাকায় সেটিকে আইনের মাধ্যমে উল্লেখ করা হয়েছে।