সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের (ইসি) ব্যর্থতা চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রাণহানি ও সহিংসতা বাড়িয়ে চলেছে। চার ধাপে ইউপি নির্বাচনে গতকাল রোববার পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৬৫ জন। আহত হয়েছেন পাঁচ হাজারের বেশি।
নির্বাচন কমিশনের মাঠ কর্মকর্তা, নির্বাচন পর্যবেক্ষক, বিশেষজ্ঞ এবং রাজনৈতিক নেতারা এ মত দিয়েছেন। তাঁরা বলেছেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যর্থতার সঙ্গে যোগ হয়েছে শাসক দলের মনোনয়ন-বাণিজ্য। ফলে প্রার্থীরা জেতার জন্য মরিয়া এবং সে দায়িত্ব নিজের কাঁধে তুলে নিচ্ছেন। আর এ কারণে শক্তিশালী বিরোধী দলের অনুপস্থিতি সত্ত্বেও সহিংসতা বেড়ে চলেছে।
এ অবস্থার মধ্যেও নির্বাচন কমিশন ‘আমাদের কিছুই করণীয় নেই’ মনোভাব নিয়ে বসে আছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ গত শনিবার এক সংবাদ সম্মেলনে এসব সহিংসতাকে বিচ্ছিন্ন ঘটনা বলে বর্ণনা করেছেন।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকাল রাজধানীতে এক অনুষ্ঠানে বলেছেন, রাজনৈতিক নয়, ব্যক্তিগত দ্বন্দ্বে ইউপির চতুর্থ ধাপের নির্বাচনে হতাহতের ঘটনা ঘটেছে।
চার দফায় ২ হাজার ৬০০-এর বেশি ইউপি নির্বাচনে এ পর্যন্ত নিহত ব্যক্তির সংখ্যা ৬৫। সুশাসনের জন্য নাগরিকের (সুজন) তথ্যানুযায়ী, ২০১১ সালের ইউপি নির্বাচনে সব মিলিয়ে ২৫ থেকে ৩০ জন মারা যান। তখন আহত হন দুই হাজারের মতো। ২৮ মে পঞ্চম ও ৪ জুন ষষ্ঠ ধাপে আরও দেড় হাজারের মতো ইউপিতে ভোট গ্রহণ করা হবে। ফলে এবারের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ প্রথম আলোকে বলেন, নির্বাচনে পেশিশক্তির ব্যবহার আগের চেয়ে বেড়েছে। রাজনৈতিক দল, প্রার্থী-সমর্থক ও ভোটারদের মধ্যে সহিষ্ণুতার অভাব প্রকট হয়ে উঠেছে। সবাই জিততে চায়। সে জন্য নির্বাচনে সহিংসতা বেড়েছে। তা সত্ত্বেও সামনের দুই ধাপে সহিংসতা যাতে কম হয়, সে বিষয়ে নতুন করে চিন্তাভাবনা করা হবে।
সবই নজিরবিহীন: কমিশন সচিবালয়ের প্রাথমিক তথ্যানুযায়ী, চার ধাপের এই নির্বাচনে চেয়ারম্যান পদে এখন পর্যন্ত ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা ১ হাজার ৮৩৬টিতে জিতেছেন। এর মধ্যে ১৫৪টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। অপরদিকে বিএনপি জয়ী হয়েছে ২৪৩টি। চার ধাপে সাড়ে তিন শর বেশি ইউপিতে চেয়ারম্যান পদে দলটি কোনো প্রার্থী মনোনয়ন দিতে পারেনি। উল্লেখ্য, এবারই প্রথম দলীয় পরিচয়ের ভিত্তিতে ইউপি নির্বাচন হচ্ছে। প্রধান প্রতিপক্ষের এ অবস্থা সত্ত্বেও নির্বাচনে সহিংসতা কমাতে পারেনি কমিশন।
এ বিষয়ে সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দিতে ব্যর্থ হচ্ছে। যে কারণে নিজেদের মতো করে ব্যবস্থা নিতে গিয়ে প্রার্থীরা সংঘাত-হানাহানির পথ বেছে নিচ্ছেন। সংঘাতের আরও একটি কারণ নির্বাচনে মনোনয়ন-বাণিজ্য। এই বাণিজ্যের কারণে যোগ্য প্রার্থীরা মনোনয়ন পাচ্ছেন না। টাকা দিয়ে যাঁরা মনোনয়ন কিনে নিচ্ছেন, তাঁরা জেতার জন্য মরিয়া। সে জন্যই সহিংসতা বেড়ে গেছে।
জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের তথ্য এবং প্রথম আলোর অনুসন্ধানে জানা যায়, যেসব জায়গায় ভোটের আগের রাতে ব্যালট পেপারে সিল মারা হয়েছে বা ভোট গ্রহণ চলাকালে ব্যালট পেপার অথবা বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, সেখানে বেশির ভাগ ক্ষেত্রে পুলিশ হস্তক্ষেপ করেছে এবং কমিশন ভোট গ্রহণ বন্ধ করে দিয়েছে। কিন্তু প্রভাব বিস্তার করে বা কেন্দ্র দখল করে জাল ভোট দেওয়ার ক্ষেত্রে বেশির ভাগ ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী ও ভোট গ্রহণ কর্মকর্তারা নিষ্ক্রিয় থেকেছেন। অনেক জায়গায় ভোটারদের নৌকা প্রতীকে প্রকাশ্যে সিল মারতে বাধ্য করা হয়েছে। এসব ঘটনাকে কেন্দ্র করেই ভোট গ্রহণ শেষে সহিংসতা ছড়িয়ে পড়েছে। এসব সহিংসতার বেশির ভাগই ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর বিদ্রোহী প্রার্থীর মধ্যে হচ্ছে।
জানতে চাইলে ইলেকশন ওয়ার্কিং গ্রুপের (ইডব্লিউজি) নির্বাহী পরিচালক আবদুল আলীম প্রথম আলোকে বলেন, নির্বাচন করে স্থানীয় প্রশাসন। কিন্তু তাদের ওপর কমিশনের কোনো নিয়ন্ত্রণ নেই। প্রশাসন চলছে সরকারের নির্দেশে। যে কারণে নির্বাচন কমিশন ও নির্বাচনের প্রতি দল, প্রার্থী, ভোটার—কারও আস্থা নেই। এ অবস্থায় প্রার্থীরা জয়ের জন্য সহিংসতাসহ যত ধরনের অবৈধ পন্থা আছে, সবই বেছে নিচ্ছেন।
আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা ও তৃণমূল নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দলের তৃণমূলের কমিটিতে জয়ী প্রার্থীদের অনেককেই মনোনয়ন দেওয়া হয়নি। টাকা দিয়ে মনোনয়ন কিনে নিচ্ছেন অজনপ্রিয় প্রার্থীরা। এ নিয়ে দলের মাঠপর্যায়ে অসন্তোষ ও বিদ্রোহী প্রার্থীর জন্ম হচ্ছে। শেষ পর্যন্ত জয়ের দৌড়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে গিয়ে তাঁদের মধ্যে সংঘর্ষ হচ্ছে।
এ বিষয়ে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্য ও কৃষিবিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, ‘এবারের নির্বাচনে দলীয় নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল নির্বাচন সুষ্ঠু করার। কিন্তু তা সত্ত্বেও মাঠপর্যায়ে যে পরিমাণ সহিংসতা হচ্ছে, সেটা অস্বাভাবিক। কেন এমন হচ্ছে সেটা আমাদেরও ভাবাচ্ছে। সম্ভবত স্থানীয় নির্বাচন বলেই এমন হচ্ছে। কারণ, স্থানীয় নির্বাচনে প্রার্থী-সমর্থকেরা একটু বেশিমাত্রায় সক্রিয় থাকেন। অতীতেও এ ধরনের নির্বাচনে সহিংসতা হয়েছে।’
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ বিষয়ে বলেছেন, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করলে সহিংসতা হতো না। কিন্তু কমিশন ও প্রশাসন কাজ করছে সরকারের নির্দেশে। যে কারণে অনেক জায়গায় বিএনপির প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারেননি। তিনি বলেন, সরকারি দলের প্রার্থী ও তাঁদের বিদ্রোহী প্রার্থীরা নির্বাচনের মাঠকে সহিংস করে তুলেছেন।