সুশাসনের জন্য নাগরিক—সুজন সম্প্রতি এক সংবাদ সম্মেলনে দাবি করেছে যে ২০১৪-১৫ সালে ভোটার তালিকা হালনাগাদের পর দেশে পুরুষ ও নারী ভোটারের মধ্যে পার্থক্য দাঁড়িয়েছে ১২ শতাংশ। অর্থাৎ পুরুষের তুলনায় নারী ভোটার ১২ শতাংশ কমে গেছে।
এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন (ইসি) গত মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, সুজনের এ তথ্য সঠিক নয়। ২০০৭-০৮ সালে দেশে পুরুষ ও নারী ভোটার ছিল যথাক্রমে ৪৯ দশমিক ১১ ও ৫০ দশমিক ৮৯ শতাংশ। ২০০৯-১০ সালে ছিল ৪৯ দশমিক ৪৬ এবং ৫০ দশমিক ৫৩ শতাংশ। ২০১২-১৩ সালে ছিল ৫০ দশমিক ২৫ এবং ৪৯ দশমিক ৭৪ শতাংশ। ২০১৪ সালে পুরুষ ও নারী ভোটার হয়েছে যথাক্রমে ৫০ দশমিক ৩৯ এবং ৪৯ দশমিক ৬১ শতাংশ।
এই তথ্য উল্লেখ করে ইসি বিভ্রান্তিকর তথ্য দিয়ে ভোটার তালিকা বিতর্কিত না করার জন্য সবার প্রতি আহ্বান জানায়।
ইসির এই ব্যাখ্যা সম্পর্কে নিজেদের বক্তব্য স্পষ্ট করার জন্য পরদিন বুধবার সুজন গণমাধ্যমে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠায়। তাতে বলা হয়, সংবাদ সম্মেলনে সুজনের দেওয়া তথ্য মোটেই ভুল কিংবা বিভ্রান্তিকর নয়। এর প্রমাণ হিসেবে সুজন পরিসংখ্যান দিয়ে দেখিয়েছে, ২০১৪-১৫ সালে নতুন ভোটার তালিকাভুক্ত হয়েছেন মোট ৪৬ লাখ ৯৫ হাজার ৬৫০ জন। এর মধ্যে পুরুষ ২৬ লাখ ২৯ হাজার ৫০৬ জন এবং নারী ২০ লাখ ৬৬ হাজার ১৪৪ জন। পার্থক্য পাঁচ লাখ ৬৩ হাজার ৩৬২ জন বা ১২ শতাংশ।
ইসির ব্যাখ্যা এবং সুজনের স্পষ্টকরণে দেখা যায়, সুজন শুধু ২০১৪-১৫ সালে তালিকাভুক্ত নতুন ভোটারদের মধ্যে পুরুষ ও নারীর ব্যবধান ১২ শতাংশ বলে উল্লেখ করেছে। আর ইসি এই তালিকাটি আলাদা নয়, সামগ্রিকভাবে ভোটার তালিকায় পুরুষ ও নারীর সংখ্যা হিসাবে নিয়েছে।