ইসির মুখ রক্ষায় অবশেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে গাজীপুরের আলোচিত পুলিশ সুপার (এসপি) হারুনুর রশীদকে একই জেলায় পদায়নের জন্য নির্বাচন কমিশনের অনুমতি চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কমিশন গতকাল রোববার মন্ত্রণালয়ের চাহিদা সম্পর্কিত নথিটি অনুমোদন করেছে। কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের মতে, নানা সমালোচনার কারণে কমিশনের ‘মুখ রক্ষার জন্য’ স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি চেয়ে চিঠি দিয়েছে।
কমিশন সচিবালয় থেকে জানা যায়, গাজীপুরের এসপি পদে হারুনকে পদায়নের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গত সপ্তাহে কমিশনে চিঠি পাঠানো হয়। হারুনুর রশীদ বলেন, কমিশনের সম্মতি পাওয়ায় গতকাল দুপুরের পরপরই তিনি পুনরায় গাজীপুরের এসপি পদে যোগ দিয়েছেন।
নির্বাচনী অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশন গত ২১ এপ্রিল গাজীপুরের পুলিশ সুপারের পদ থেকে হারুনুর রশীদকে প্রত্যাহারের নির্দেশ দেয়। কিন্তু মাত্র ১৩ দিনের মাথায় এসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কমিশনের অনুমতি না নিয়ে এই প্রত্যাহার আদেশ প্রত্যাহার করে নেয়। তাতে বলা হয়, নির্বাচন শেষে হারুনুর রশীদ গাজীপুরের এসপি পদে যোগ দেবেন। যদিও আইন অনুযায়ী নির্বাচনকালীন সরকারি কর্মকর্তাদের বদলি করতে হলে কমিশনের অনুমতি নিতে হয়।
এ ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে নির্বাচন কমিশনের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। ৬ মে কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আইন মেনে কাজ করার অনুরোধ জানিয়ে চিঠি দিয়ে বলে, দেশে নির্বাচন চলার সময়ে সরকারি কর্মকর্তাদের বদলি করতে হলে নির্বাচন কমিশনের অনুমতির প্রয়োজন আছে।
কিন্তু মন্ত্রণালয় এই চিঠির জবাবে কমিশনকে কোনো ব্যাখ্যা দেয়নি।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী ইউনিয়নে আগামী ৪ জুন ভোট গ্রহণ হওয়ার কথা ছিল।