ইসির মেরুদণ্ড সোজা আছে: জাবেদ আলী
নির্বাচন কমিশনের ‘মেরুদণ্ড সোজা আছে’ বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার জাবেদ আলী। ‘নির্বাচন কমিশন অথর্ব, মেরুদণ্ডহীন’— বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার এমন মন্তব্য সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আজ বুধবার জাবেদ আলী এই দাবি করেন।
এ বিষয়ে সাংবাদিকেরা জাবেদ আলীর কাছে জানতে চাইলে সাবেক এই সেনা কর্মকর্তা নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান। মৃদু হেসে তিনি বলেন, ‘আমার বয়স ৬৩ বছর। মেডিকেল রিপোর্ট অনুযায়ী আমি ওই রকম রোগী না। কোনো ব্যথা অনুভব করছি না। এত বয়স হয়েছে, ডাক্তার কখনো এ কথা বলেনি। কোমর সোজাই আছে। অসুবিধা নেই।’
আপনি বলছেন আপনার মেরুদণ্ড সোজা আছে, বাকি চারজনের কী অবস্থা—জানতে চাইলে জাবেদ আলী বলেন, ‘এখানে সব থেকে কম বয়স আমার। আমার যদি সোজা থাকে, অন্যদের আরও বেশি সোজা রয়েছে।’
ভোটার তালিকা ছাপতে বিলম্ব হচ্ছে কেন, জানতে চাইলে জাবেদ আলী বলেন, ‘এখনই নয় কোটির বেশি ভোটারের তালিকা ছেপে আমরা রাখব কোথায়। গুদামে রাখতে গেলেও তো ৫০ লাখ টাকা ভাড়া লাগবে। রাখাও যায়, কারণ টাকা দেবেন গৌরীসেন। কিন্তু সেই টাকা আমরা অযথা খরচ করব কেন? যখন সময় হবে তখনই তালিকা ছাপা হবে। যাতে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট এলাকায় পাঠিয়ে দেওয়া যায়।’
এই নির্বাচন কমিশনার আরও বলেন, ‘কমিশন আশা করে সব দলের অংশগ্রহণে নির্বাচন শান্তিপূর্ণ হবে। আমরা এটুকু নিশ্চয়তা দিতে পারি; নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। কোনো কারচুপি হবে না।’